জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য ‘যুদ্ধংদেহী ও অবমাননাকর’, নিন্দা সিপিবির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০১
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘যুদ্ধংদেহী, হুমকিমূলক ও অবমাননাকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটি বলেছে, বিশ্বের সর্বোচ্চ বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চ জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে একটি স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির প্রতি প্রকাশ্য অবজ্ঞা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের মঞ্চকে ‘অত্যন্ত অশ্লীলভাবে’ রঙ্গমঞ্চে পরিণত করেছেন বলে উল্লেখ করেন তারা।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ট্রাম্প তার বক্তব্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার নামে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও যুদ্ধনীতির সাফাই গেয়েছেন। একই সঙ্গে চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন তিনি। তাদের অভিযোগ, এর মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগকে স্বাভাবিক করার অপচেষ্টা করেছেন।

কিউবা প্রসঙ্গেও ট্রাম্পের বক্তব্যকে ‘সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের পুরোনো রাজনীতির বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে সিপিবি। বিবৃতিতে দলটির নেতারা বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে ট্রাম্প কিউবা সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন শব্দমালা প্রয়োগ করেছেন। একই সঙ্গে কিউবায় মৌলিক পরিবর্তন আনার যে হুমকি তিনি দিয়েছেন, তা জবরদস্তিমূলক, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদবিরোধী অসদাচরণ।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য চাপ ও হস্তক্ষেপের এই ঘোষণা জাতিসংঘ সনদের নীতি এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থি। কিউবার জনগণের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল কিউবার জনগণের; কোনো পরাশক্তি তা নির্ধারণ করতে পারে না।

কিউবার ওপর দীর্ঘদিনের মার্কিন অবরোধ, চাপ ও হস্তক্ষেপের অবসান দাবি করেছে সিপিবি। একই সঙ্গে কিউবার সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে দলটি।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি যুদ্ধের বদলে শান্তি, আধিপত্যের পরিবর্তে বৈশ্বিক সমতা এবং সামরিক জোটের পরিবর্তে স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিশ্বব্যাপী চলমান শান্তি, গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সংহতি জানিয়েছে সিপিবি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement