অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করা হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৭
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে মেতে উঠেছে এবং তাদের এসব কর্মকাণ্ড আগস্টে পালিয়ে যাওয়া সুযোগসন্ধানী ফ্যাসিস্টদের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দেশের শান্তি বিনষ্ট করা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে অরাজকতা সৃষ্টির পাঁতারা চলছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, যেকোনো মূল্যে এই অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিরোধী দল এমনভাবে গালিগালাজ করে, যেন এটাই তাদের গণতন্ত্রের সৌন্দর্য। এটি যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, তবে এ দেশের মানুষ তা পূর্বে গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। মূলত এদের আচরণকে কোনোভাবেই গণতন্ত্রের সৌন্দর্য বলা যায় না। তারা গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। এমনকি তারা নিজেরাও বলছে ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে গাড়িতে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটানো ও ঝটিকা মিছিল করার মতো অপকর্ম করছে। বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের সঙ্গে তাদের সুস্পষ্ট মিল খুঁজে পাওয়া যায়। দেশ, গণতন্ত্র এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে এখন গভীর ষড়যাত চলছে। তবে তাদের মনে করিয়ে দিতে চাই এটি জিয়াউর রহমানের দল, এটি খালেদা জিয়ার দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে আমরা উঠে এসেছি এবং রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনেও এই অপশক্তিকে রাজপথেই মোকাবিলা করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিরোধী দল ওপর দিয়ে এবং পার্লামেন্টে গিয়ে কত সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু বাহিরে গিয়ে তারা ১৯৭১ সালের মতো ধ্বংসাত্মক রূপ ধারণ করে। বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে এমন অসভ্য, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলে যা কোনো সভ্য সমাজে বা নিজেদের পরিবারে আলোচনারও যোগ্য নয়।’

এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement