সরাসরি

১৬৭ ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

১৪: ৫২

‘সিনসিয়ার’ হলে মির্জা ফখরুল নিরপেক্ষ রাষ্ট্রপতি হতে পারবেন: জামায়াত

‘সিনসিয়ার’ হলে মির্জা ফখরুল নিরপেক্ষ রাষ্ট্রপতি হতে পারবেন: জামায়াত
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফ করে জামায়াতে ইসলামী। ছবি: ভিডিও থেকে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সব বিষয়ে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। মির্জা ফখরুল ‘সিনসিয়ার’ হলে নিজেকে সেই নিরপেক্ষ জায়গায় নিয়ে যেতে পারবেন বলেও মনে করছে দলটি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘যিনি রাষ্ট্রপতি হবেন, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই উনার একটা পবিত্র দায়িত্ব— নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। এটা সহজ হবে না। কিন্তু আমি মনে করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাইলে এটা উনার পক্ষে সম্ভব হবে।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর জাতীয় সংসদ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়েই জামায়াত এই ব্রিফিং করে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে জামায়াতের প্রত্যাশা কী— এমন প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এ দেশের জনগণ কী চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন। প্রত্যেকে অবাধভাবে ভোট দিতে পারবে— সে রকম একটা পরিবেশের নির্বাচন।’

‘সে জন্য আমরা প্রত্যাশা করি, উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না। উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচনও নিরপেক্ষ হবে— এই ভূমিকা উনি নেবেন। না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন,’— বলেন জামায়াতের নায়েবে আমির।

১৪: ০৬

মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।’

রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার ঘণ্টাখানেক পরে সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানানো হয়।

অধ্যাপক ইউনূস শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।’

একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে আশাবাদ জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে— এই প্রত্যাশা রাখি। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

১৩: ৪১

মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি কার্যালয়ের এক বার্তায় এ অভিনন্দন জানানোর তথ্য দেওয়া হয়।

গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার দেয়।

১৩: ৩৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত ১৫ আগস্ট রিজভীসহ চারজনকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম। এরপরই রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে আজ সন্ধ্যায় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

১৩: ১০

নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যের উষ্ণ অভিনন্দন

নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যের উষ্ণ অভিনন্দন

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। নির্বাচনের ফল ঘোষণার আধা ঘণ্টার মাথায় তাকে অভিনন্দন জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

পোস্টে ব্রিটিশ হাইকমিশন বলেছে, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

১৩: ০২

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলমতের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অনুরোধ ইসলামী আন্দোলনের

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলমতের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অনুরোধ ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম। ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পির)। নতুন রাষ্ট্রপতি দেশের স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেও বলেও অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে দলের তার এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়। বার্তায় তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করেন।

বিবৃতিতে চরমোনাই পির বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে।

তিনি বলেন, এর কারণ হলো— রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।

১২: ৫১

নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি।

১২: ৪৮

মির্জা ফখরুলকে বিরোধী দলীয় নেতার আন্তরিক অভিনন্দন

মির্জা ফখরুলকে বিরোধী দলীয় নেতার আন্তরিক অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুক্ষণ পরই জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে তার এই অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়েছে।

শফিকুর রহমান বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।

অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শফিকুর রহমান।

১২: ৪৩

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন চীনের

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন চীনের

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীন।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মাথায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

চীন দূতাবাস বলেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয়। নতুন সময়ে যৌথ প্রচেষ্টায় অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত; যেন দুই দেশ ও দুই দেশের জন্য জনগণ উপকৃত হয়।

১২: ৩৩

ভোটে অনুপস্থিত ছিলেন ৬ জন সংসদ সদস্য

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার সংসদ সভাকক্ষে অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য।

তবে এ দিন সংসদে ছয়জন ভোটার অনুপস্থিত ছিলেন। ফলে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

অনুপস্থিত ছয় ভোটার হলেন— ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বিএনপি), সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম (জামায়াত), কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক (বিএনপি), চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা (স্বতন্ত্র) এবং সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস)।

১১: ৩৩

১৬৭ ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিইসি এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেছেন।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অর্থাৎ, মির্জা ফখরুল তার চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন।

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কান্ডারি মির্জা ফখরুল। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন।

১১: ২৯

স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি ছিলেন যারা

শেখ মুজিবুর রহমান: ২৬ মার্চ ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২

সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত): ২৬ মার্চ ১৯৭১ - ১০ জানুয়ারি ১৯৭২

আবু সাইদ চৌধুরী: ১২ জানুয়ারি ১৯৭২ - ২৪ ডিসেম্বর ১৯৭৩

মোহাম্মদ উল্লাহ: ২৪ ডিসেম্বর ১৯৭৩ - ২৫ জানুয়ারি ১৯৭৫

শেখ মুজিবুর রহমান: ২৫ জানুয়ারি ১৯৭৫ - ১৫ অগাস্ট ১৯৭৫

খন্দকার মোশতাক আহমেদ: ১৫ অগাস্ট ১৯৭৫ - ৬ নভেম্বর ১৯৭৫

আবু সাদাত মোহাম্মদ সায়েম: ৬ নভেম্বর ১৯৭৫ - ২১ এপ্রিল ১৯৭৭

জিয়াউর রহমান: ২১ এপ্রিল ১৯৭৭ - ৩০ মে ১৯৮১

আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত): ৩০ মে ১৯৮১ - ২০ নভেম্বর ১৯৮১

আবদুস সাত্তার: ২০ নভেম্বর ১৯৮১ - ২৪ মার্চ ১৯৮২

আ ফ ম আহ্সানউদ্দিন চৌধুরী: ২৭ মার্চ ১৯৮২ - ১১ ডিসেম্বর ১৯৮৩

হুসেইন মুহম্মদ এরশাদ: ১১ ডিসেম্বর ১৯৮৩ - ৬ ডিসেম্বর ১৯৯০

শাহাবুদ্দিন আহমদ (অস্থায়ী): ৬ ডিসেম্বর ১৯৯০ - ৯ অক্টোবর ১৯৯১

আবদুর রহমান বিশ্বাস: ৯ অক্টোবর ১৯৯১ - ৯ অক্টোবর ১৯৯৬

শাহাবুদ্দিন আহমদ: ৯ অক্টোবর ১৯৯৬ - ১৪ নভেম্বর ২০০১

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী: ১৪ নভেম্বর ২০০১ - ২১ জুন ২০০২

জমির উদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত): ২১ জুন ২০০২ - ৬ সেপ্টেম্বর ২০০২

ইয়াজউদ্দিন আহম্মেদ: ৬ সেপ্টেম্বর ২০০২ - ১২ ফেব্রুয়ারি ২০০৯

জিল্লুর রহমান: ১২ ফেব্রুয়ারি ২০০৯ - ২০ মার্চ ২০১৩

আবদুল হামিদ (ভারপ্রাপ্ত ও অস্থায়ী): ১৪ মার্চ ২০১৩ - ২৪ এপ্রিল ২০১৩

আবদুল হামিদ: ২৪ এপ্রিল ২০১৩ - ২৪ এপ্রিল ২০২৩

মো. সাহাবুদ্দিন: ২৪ এপ্রিল ২০২৩ - ২৪ জুলাই ২০২৬

হাফিজ উদ্দিন আহমদ (ভারপ্রাপ্ত): ২৪ জুলাই ২০২৬ - বর্তমান।

১১: ১১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

গণনা শেষ কিছুক্ষণ পরেই ভোটের ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই (শনিবার) শপথগ্রহণ অনুষ্ঠান। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, “আগামী ২১ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল।

১০: ৪৫

ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলনের একমাত্র এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি বরগুনা-১ আসনের সংসদ সদস্য।

দলটি এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে যে সিদ্ধান্তে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার কারণে তাদের প্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবে না।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা জানান।

১০: ৩৯

শপথ পড়াবেন ডেপুটি স্পিকার

নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ, নাকি স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ পড়াবেন— এ নিয়ে দ্বিধায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়টি স্পষ্ট করতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকেই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

গত ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্যাখ্যা করে এ অবস্থান তুলে ধরেছে আইন মন্ত্রণালয়।

১০: ২৬

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়। ভোটে নির্বাচিত নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে। বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সচিবালয় ও সংসদ সচিবালয় সূত্র বলছে, এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

১০: ১৮

রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণ, স্বাধীনভাবে ভোটের সুযোগ নেই: নাহিদ

রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণ, স্বাধীনভাবে ভোটের সুযোগ নেই: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন, যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বেলা ২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।

১০: ০৭

রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে।’

০৯: ৪৮

সংসদের সভাকক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর প্রায় সোয়া ঘণ্টা সংসদের সভাকক্ষে নিজের আসনে অবস্থান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তার পাশের আসনে ছিলেন দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী নিজের আসনে বসে থাকার সময় সংসদ সদস্যরা তার সামনে এসে ভিড় করে দাঁড়ান। এ সময় সংসদ নেতা হাসিমুখে তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

বিকেল ৩টা ১৩ মিনিটে সংসদ সভাকক্ষ ছেড়ে সংসদ ভবনে নিজের কার্যালয়ে চলে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাদ্দৌলা এবং সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক সাংবাদিক গ্যালারিতে এসে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখেন।

তারা এ সময় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষ্যে এ দিন সাংবাদিকদের দুটি গ্যালারি ছাড়া সংসদ ভবনের বাকি গ্যালারিগুলো বন্ধ রাখা হয়েছিল।

০৮: ৫৩

জামায়াত জোটের প্রার্থী অলি আহমদ নেই কেন

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না। এ কারণে ভোটের সময় সংসদের সভাকক্ষে তাকে দেখা যায়নি।

অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

০৮: ৩৫

ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা

ভোট দিচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দেওয়া শুরু করেছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দেন।

০৮: ৩৫

ভোট দিচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা

ভোট দিচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা

সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালট বাক্স রাখা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা সেখানে একে একে ভোট দিচ্ছেন। সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ সংসদ সদস্যরা ব্যালট পেপারে ভোট দেন।

ভোট দেওয়ার পর তাদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

০৮: ২৯

ভোটের নিয়ম নিয়ে যা আছে নির্দেশিকায়—

  • দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে।
  • সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম আসন নম্বর মুদ্রিত ব্যালট পেপার পাওয়ার পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের সইয়ের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তাকে ফেরত দিতে হবে।
  • ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
  • ভোট দিয়ে ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের ভেতরে রাখতে হবে।
  • কোনো কারণে সরবরাহ করা ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সের ভেতরে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনি কর্মকর্তার কাছে উপস্থাপন করতে হবে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
  • ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনি প্রচার করা বা এ উদ্দেশ্যে কোনো বক্তব্য কিংবা ভাষণ দেওয়া যাবে না।
  • ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
  • ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণাঙ্গ সইয়ের কথা বলা হয়েছে, সেখানে পুরো নাম লিখতে হবে।
০৮: ২১

রাষ্ট্রপতি নির্বাচনের ফল বিকেলেই

এরই মধ্যে জাতীয় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ তথা প্ল্যানারি হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের ভোটদানের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হলেই ভোট গণনা শুরু হবে। দ্রুততম সময়ে ভোট গণনা করে ভোটকক্ষেই ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময়ও সংসদ সদস্যরা উপস্থিত হতে থাকতে পারবেন।

০৮: ১৭

ভোট দেওয়ার নিয়ম জানিয়েছেন সিইসি

সিইসি তার বক্তব্যের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, তার নিয়ম বলে দেন।

সিইসি বলেন, সংসদ সদস্যদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ব্যালট থাকবে। সেই ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণ নাম সই করতে হবে। সই বাংলা বা ইংরেজি যেকোনো ভাষাতেই দেওয়া হবে।

ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখতে হবে, সেটিও বলে দেন সিইসি। জানান, বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হবে।

০৮: ১৪

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু
রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয়েছে জাতীয় সংসদে। সবার আগে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্য দিয়ে দেশে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিইসি ভোট গ্রহণ শুরুর আগে জানিয়েছেন, সংসদ সদস্যদের কাছে ব্যালট চলে যাবে। তারা ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট গ্রহণের পর গণনা ও ফল ঘোষণার সময়ও চাইলে তারা সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে পারবেন।

০৮: ০৮

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট প্রক্রিয়ায় স্বাগত জানালেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট প্রক্রিয়ায় স্বাগত জানালেন সিইসি
বৃহস্পতিবার দুপুর ২টা ৫ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় সংসদ সদস্যদের স্বাগত জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: টিভি থেকে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করতে সংসদ সদস্যরা জাতীয় সংসদে সমবেত হয়েছেন। উপস্থিত হয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) অন্য কর্মকর্তারা।

দুপুর ২টা ৫ মিনিটে সিইসি স্বাগত বক্তব্য দিতে শুরু করেন। তিনি ভোট গ্রহণ শুরুর আগে সাধারণ নিয়মগুলো সংসদ সদস্যদের পড়ে শোনাচ্ছেন।

০৮: ০৭

ভোটের জন্য প্রস্তুত সংসদ, উপস্থিত সংসদ নেতা, সিইসিসহ সংসদ সদস্যরা

জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্য মন্ত্রীরা। এখন বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

০৮: ০৫

বঙ্গভবনকে বিদায় জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে গার্ড অব অনার দিয়ে তাকে বিদায় দেওয়া হয়। এ দিন রাষ্ট্রপতি নির্বাচন হবে সংসদ ভবনে। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন নতুন নির্বাচিত রাষ্ট্রপতি, যার প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

০৮: ০৪

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের জন্য আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন সিইসি।

সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন তাঁরা। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের ভোট দেওয়ার জন্য সংসদকক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

০৮: ০২

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি শেষ, ভোটের অপেক্ষা

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি শেষ, ভোটের অপেক্ষা

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ হবে। প্রার্থী দুজন— ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭। এর বাইরে বিএনপির মিত্র ও শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন।

অন্যদিকে জামায়াত জোটের সংসদ সদস্য সংখ্যা ৯০ জন। এর মধ্যে জামায়াতের সদস্য ৭৭ জন। এ ছাড়া জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন এই জোটে।

এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র আটজন সংসদ সদস্য রয়েছেন। সূত্র জানিয়েছে, বিএনপি স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন।

বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যসংখ্যার ব্যবধান বেশ বড়। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে নির্বাচনে দুজন প্রার্থী থাকায় নির্বাচনি তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।