পদত্যাগ করলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ছবি: লোগো
আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ছবি: লোগো

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। তারা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান (এফসিএ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকই ওই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দিয়েছিল। পরে ব্যাংকটির নিয়ন্ত্রণ পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার পর আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব পালনের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পুরোনো মালিকদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পর তাদের পদত্যাগের সিদ্ধান্ত এসেছে।

আগের পর্ষদে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমানে শুধু লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার বহাল রয়েছেন। ২০২৪ সালের ৩ অক্টোবর তাকে চেয়ারম্যান করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে চলতি বছরের ১৫ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।

ওই সময় গঠিত নতুন পর্ষদে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বদিউর রহমানকে। ভাইস চেয়ারম্যান হন লিয়াকত আলী চৌধুরী।

পরিচালকদের মধ্যে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ সরকার পতনের আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। নতুন করে গঠিত পর্ষদে যুক্ত হওয়া পরিচালকদের অনেকেই এর আগেও ব্যাংকটির পর্ষদে ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
পদত্যাগ করলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক