আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত
রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

এ সময় আহত হন আরও অন্তত ১৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড ঘটে।

রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোডের সময় বিস্ফোরণ ঘটে। এতে গ্যাস সিলিন্ডারের আঘাতে কারখানার গেটের কাছে এক নারীর মৃত্যু হয়। কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে ঢামেক হাসপাতালে চারজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে নজরুল ইসলাম (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মোখলেছুর রহমান (৪৫) ও তার ছেলে সুজন মিয়া (১৮) এবং নুরুল ইসলাম (৪০) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে কারখানা চত্বরে বিস্ফোরিত সিলিন্ডারের আঘাতে নিহত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। ঘটনার সময় কারখানার গেটে ছিলেন তিনি। সিলিন্ডার উড়ে গিয়ে মাথায় আঘাত করলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

জামগড়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় প্রীতি গ্রুপের ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৭টা ১০ মিনিটে কারখানায় পৌঁছায়। সেখানে পাঁচ থেকে ছয়টি গাড়িতে আগুন জ্বলছিল। কাভার্ড ভ্যানের ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল। তবে আগুন কোথা থেকে লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুনে দগ্ধদের প্রথমে নেওয়া হয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর দগ্ধ ও আহত অন্তত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। কয়েকজনের শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রীতি গ্রুপের এফঅ্যান্ডএফ কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানা ঘেরা প্রাচীরের পাশে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েনি। আগেই সবাই বাইরে চলে যাওয়ায় শ্রমিকদের তেমন ক্ষতি হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭