রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না: মিলন

রাজশাহী ব্যুরো

রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি এই দেশে আর চলতে পারে না।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে গণসংযোগ ও নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মিলন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার সকাল থেকে পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফি নেপালপাড়া এলাকা থেকে তাঁর গণসংযোগ শুরু হয়। এর আগে পাকুরিয়া মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে আফি নেপালপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি বক্তব্য দেন।

সভায় মিলন বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটি দল রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করা যায় না। মানুষ বেহেশত না দোজখ পাবে—তা একমাত্র আল্লাহই জানেন। তাই তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।'

তিনি আরও বলেন, যাদের জনসমর্থন নেই, তারাই ভোট কারচুপির আশ্রয় নেয়। বিএনপিকে নিয়ে কথা বলার আগে সংযত হওয়া উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উল্লেখযোগ্য। পাশাপাশি কৃষি খাতে উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

পবা–মোহনপুর কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে এখানে একটি কৃষি ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে।

স্থানীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মিলন বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেই। নির্বাচিত হলে প্রতিটি রাস্তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি পুরোনো রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হবে।

সব ধর্মের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পাদ্রী ও পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

পতিত সরকারের সমালোচনা করে মিলন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পতিত সরকার জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। বিএনপির বহু নেতাকর্মী হত্যা, গুম ও মামলার শিকার হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করেও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

দিনভর গণসংযোগে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের দাবি, হুজুরিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিলনের প্রচারণায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল। অনেকেই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিনের প্রচারণায় উপস্থিত ছিলেন হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার আলী, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন, যুবদল পবা উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অশ্রুসজল নয়নে অপ্রতীমকে শেষ বিদায় জানাল হাজারো মানুষ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৪ ঘণ্টা আগে

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ হারালেন ৪ জন

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটাকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

৭ ঘণ্টা আগে

কুমিল্লায় অপ্রতীম হত্যা: আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও তার ছেলের বয়সের চেয়ে বড় কয়েকজন বন্ধুর বিষয়ে উল্লেখ করেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে অপ্রতীম তাদের সঙ্গে ছিল কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

১৮ ঘণ্টা আগে

মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৮ ঘণ্টা আগে
Advertisement