সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থ মন্ত্রণালয়

প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠি বাতিল করা হয়েছে।

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেকে সরে এলো সরকার।

অর্থ বিভাগের পক্ষ থেকে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ওই চিঠি পাঠানো হয়। এ নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে দুই দপ্তরের মধ্যে কয়েকবার চিঠি চালাচালি হয়েছে।

অর্থ বিভাগের সবশেষ সিদ্ধান্ত, গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমাতে গত ৯ জুলাই যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির প্রস্তাবের ভিত্তিতে আর কোনো কার্যক্রম নেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়টি অবহিত করা হয়েছে।

এর আগে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কিনতে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হতো। ওই ঋণের টাকায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের জন্যই ৫০ হাজার টাকা দিত সরকার। ব্যয় সংকোচন নীতির আওতায় গত ৯ জুলাই সরকার ওই ঋণের সুবিধা বন্ধ করে দেয়। আগেই যারা ঋণের টাকায় গাড়ি কিনেছেন, তাদের গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সরকারি কর্মকর্তারা বলছেন, সরকারি অনেক কর্মকর্তারই ওই ঋণের টাকা না হলে গাড়ি কেনার সুযোগ ছিল না। আবার গাড়ি কেনার পর এর রক্ষণাবেক্ষণের যে খরচ, তা ৫০ হাজার টাকা থেকে অনেক বেশি। সরকার এ খরচ কমিয়ে অর্ধেক করলে তা এসব কর্মকর্তার ওপর ব্যাপক আর্থিক চাপ তৈরি করবে। সে কারণেই সরকারের এ উদ্যোগ নিয়ে অসন্তোষ ছড়িয়েছিল কর্মকর্তাদের মধ্যে।

এদিকে অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কারণ উল্লেখ করে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ কমানোর কথা বলা হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল বলেও উল্লেখ করা হয়। কিন্তু সরকারি খরচ না পেলে বা কমে অর্ধেক হলে অনেক কর্মকর্তা গাড়ি ব্যবহার নিয়ে বিপাকে পড়বেন বলে সরকারের ঊর্ধ্বতন মহলে জানালে সে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৭ ঘণ্টা আগে

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৯ ঘণ্টা আগে

নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

৯ ঘণ্টা আগে