খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৩: ০০
অভিযুক্ত ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে আটক করেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসান (২৪) ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা জেলার হরিণটানা থানায় মামলাটি করেন। পরে ইমাম হাসানকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বিজয়-২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বুধবার (২২ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ইমাম হাসানকে আটক করেন শিক্ষার্থীরা।

ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তারা সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম হাসান ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখা হয়।

ভিডিও ধারণের অভিযোগের ঘটনাটি তদন্তে হল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তের পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল করা হয়েছে। একই সঙ্গে হলের ভেতরে কর্মচারীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতির বিষয়েও জানানো হয়। সংশ্লিষ্ট দুটি তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া সভায় ডিসিপ্লিন প্রধানরা এবং ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর চলতি টার্মে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ আগস্ট পর্যন্ত জরিমানা ছাড়া রেজিস্ট্রেশনের সুযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত জরিমানাসহ রেজিস্ট্রেশন কার্যক্রম চালু থাকবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

আবহাওয়াবিদরা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্ব

৬ ঘণ্টা আগে

ফরিদপুরের একই পরিবারের ৩ জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

ওমরাহ পালন করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ফরিদপুরের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭) নিহত হন।

৭ ঘণ্টা আগে

সার্জিও গরের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শামা ওবায়েদ

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’

৭ ঘণ্টা আগে

শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি? কী হবে পরবর্তী প্রক্রিয়া?

সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।

১৬ ঘণ্টা আগে