কান ছাড়া জন্ম নেওয়া বাংলাদেশি শিশুর শ্রবণক্ষমতা ফেরাতে সফল অস্ত্রোপচার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিএমআরআই সিকে বিড়লা হাসপাতাল। ছবি: সংগৃহীত

জন্মগতভাবে বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছাড়াই জন্ম নেওয়া বাংলাদেশের সাত বছর বয়সী এক শিশুর শরীরে সফলভাবে বোন কনডাকশন ইমপ্লান্ট বসিয়েছেন ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর ইমপ্লান্টের বাহ্যিক অংশ সংযুক্ত করা হলে শিশুটি শুনতে সক্ষম হবে বলে আশা করছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কলকাতার সিএমআরআই সিকে বিড়লা হাসপাতালে গত সপ্তাহে অস্ত্রোপচারটি করা হয়। এতে শিশুটির মাথার খুলির হাড়ের সঙ্গে ত্বকের নিচে একটি চৌম্বকীয় ইমপ্লান্ট বসানো হয়েছে।

অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে তিন সপ্তাহ পর এর সঙ্গে একটি বাহ্যিক সাউন্ড প্রসেসর সংযুক্ত করা হবে। এই দুই অংশ একসঙ্গে কাজ করে বাইরের শব্দ ভেতরের কানে পৌঁছে দেবে।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের অটোলজিস্ট ও কক্লিয়ার ইমপ্লান্ট সার্জন এনভিকে মোহন। তিনি জানান, শিশুটির ভেতরের কান স্বাভাবিকভাবে কাজ করছে। তবে জন্মগতভাবে তার বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছিল না। ফলে বাইরের শব্দ ভেতরের কানে পৌঁছাতে পারত না এবং সে সম্পূর্ণ বধির ছিল।

মোহনের ভাষ্য, ‘শিশুটির ক্ষেত্রে কক্লিয়ার ইমপ্লান্টের প্রয়োজন ছিল না। তার এমন একটি ব্যবস্থাই দরকার ছিল, যা বাইরের শব্দ গ্রহণ করে ভেতরের কানে পৌঁছে দেবে। তাই আমরা বোন কনডাকশন ইমপ্লান্ট ব্যবহার করেছি। খুলির হাড়ে একটি চৌম্বকীয় ইমপ্লান্ট বসানো হয়েছে। ক্ষত শুকিয়ে গেলে এর সঙ্গে মাইক্রোফোন ও প্রসেসরসংবলিত বাহ্যিক অংশ, যাকে প্রযুক্তিগতভাবে পাইজোইলেকট্রিক ইমপ্লান্ট বলা হয়, যুক্ত করা হবে।’

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বোন কনডাকশন ইমপ্লান্টের বাহ্যিক অংশটি কানের ওপর বা পেছনে পরা যায়। এতে থাকা মাইক্রোফোন আশপাশের শব্দ সংগ্রহ করে। প্যাসিভ পদ্ধতিতে শব্দকে কম্পনে এবং অ্যাকটিভ পদ্ধতিতে ডিজিটাল সংকেতে রূপান্তর করে তা ভেতরের ইমপ্লান্টে পাঠানো হয়।

খুলির হাড়ে বসানো টাইটেনিয়ামের ছোট একটি ফিক্সচারের মাধ্যমে ইমপ্লান্টটি স্থাপন করা হয়। সময়ের সঙ্গে এটি হাড়ের সঙ্গে একীভূত হয়ে যায়। পরে বাহ্যিক সাউন্ড প্রসেসরটি চৌম্বকীয় সংযোগের মাধ্যমে এর সঙ্গে যুক্ত থাকে। এ প্রযুক্তিতে কানের নালি ও কানের পর্দাকে সম্পূর্ণ এড়িয়ে খুলির হাড়ের মাধ্যমে কম্পন সরাসরি ভেতরের কান বা কক্লিয়ায় পৌঁছে যায়।

অন্যদিকে কক্লিয়ার ইমপ্লান্ট হলো এমন একটি ইলেকট্রনিক চিকিৎসাযন্ত্র, যা কানের ক্ষতিগ্রস্ত অংশকে এড়িয়ে সরাসরি শ্রবণস্নায়ুকে উদ্দীপিত করে। এটি সাধারণত গুরুতর বা সম্পূর্ণ শ্রবণশক্তি হারানো ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

এনভিকে মোহন বলেন, ‘শিশুটির জন্মগত ত্রুটি পরীক্ষা করে আমরা দেখেছি, কানের নালি পুনর্গঠন করতে গেলে একাধিক অস্ত্রোপচার করতে হতো। এরপরও সন্তোষজনক ফল পাওয়ার নিশ্চয়তা ছিল না। তাই আমরা সে পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, বাহ্যিক সাউন্ড প্রসেসর বসানোর পর প্রয়োজন হলে শিশুটির বাইরের কান অস্ত্রোপচারের মাধ্যমে তৈরি করা হবে অথবা তাকে কৃত্রিম কান ব্যবহার করতে দেওয়া হবে।

মোহনের ভাষ্য, ‘এখন আমাদের প্রথম লক্ষ্য শিশুটিকে শুনতে সক্ষম করা। যেহেতু তার ভেতরের কান স্বাভাবিকভাবে কাজ করছে, তাই বাহ্যিক প্রসেসরটি বসানোর পর বাইরের কান না থাকলেও সে স্বাভাবিকভাবে শুনতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বাহ্যিক প্রসেসরটি একটি ছোট চৌম্বকীয় মুদ্রার মতো। এটি বাইরের কান যেখানে থাকার কথা, তার সামান্য পাশে বসানো হবে। প্রয়োজন হলে এটি খুলেও রাখা যাবে। যেমন গোসল বা ঘুমানোর সময় শিশুটি এটি খুলে রাখতে পারবে।’

অস্ত্রোপচারের পর শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর তাকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে বাহ্যিক সাউন্ড প্রসেসরটি সংযুক্ত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের মূল কাজ শেষ হলেও চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও সরকারি বিলের ওপর আলোচনা হতে পারে।

৪ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ বিভাগে অতি ভারী বর্ষণ

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে— দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিল

৪ ঘণ্টা আগে

বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বাকি দুটি বই হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

১২ ঘণ্টা আগে

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

সকাল থেকেই ছিল বরেণ্য এই অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

১৯ ঘণ্টা আগে