মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গ্রেপ্তার ৯, ওসি প্রত্যাহার

ঢাকার মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি সংস্থা ‘রাড্ডা এমসিএইচ’ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, লুটপাট এবং ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর পুলিশের গাফিলতি নিয়ে আলোচনার মধ্যেই ডিএমপি সদরদপ্তরের এক আদেশে তাকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এদিকে, এই নজিরবিহীন হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংস্থাটির কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, অপরাধ ঘটে যাওয়ার সময় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “যেহেতু গভীর রাতের ঘটনা, তাই পুলিশ খবর পাওয়ার পর সময়মতো এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
মামলার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাতে হাতুড়ি, লাঠি ও দেশি অস্ত্র নিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে একদল হামলাকারী। তারা প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে। এরপর এক্সকেভেটর (বুলডোজার) দিয়ে কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি, কম্পিউটার, প্রিন্টার, টিকাদানের প্রচুর সামগ্রী, ওষুধ ও স্টিলের আলমারিসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা নৈশপ্রহরীকে ভয়ভীতি দেখিয়ে জায়গাটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, মিরপুর ১ নম্বরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সংস্থাটির ভাষ্যমতে, তারা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গত ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।

















