পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনে যাওয়া হলো না কার্ডিনাল প্যাট্রিকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২০১৭ সালে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরে তার সঙ্গে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। ছবি: সংগৃহীত

৯ বছর আগে ২০১৬ সালে পোপ ফ্রান্সিসই কার্ডিনাল করেছিলেন বাংলাদেশের প্যাট্রিক ডি’রোজারিওকে। পোপের পরেই ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতার এই পদে থাকা ব্যক্তিরাই নির্বাচন করে থাকেন পোপের উত্তরসূরি। সে হিসাবে প্যাট্রিকেরও সুযোগ ছিল নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হওয়ার। তবে শারীরিক অসুস্থতার জন্য সে সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি।

বাংলাদেশের প্রথম আর সারা বিশ্বের হলি ক্রস সংঘ থেকে আসা দ্বিতীয় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর এক বার্তায় তিনি জানিয়েছেন তার প্রতি গভীর শ্রদ্ধার কথা। একই সঙ্গে জানিয়েছেন, হৃদযন্ত্রে সম্প্রতি পেসমেকার বসানোর কারণে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে বলেই ছুটে যেতে পারেননি ভ্যাটিকানে।

পোপের মৃত্যু বা অবসরের পরপরই নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সারা বিশ্বের সব কার্ডিনাল প্রথমেই মিলিত হন কনক্লেভে, যেখানে নতুন পোপ কে হতে পারেন তা নিয়ে চলে আলোচনা ও বিতর্ক। এর পরের ধাপে ৮০ বছরের কম বয়সী কার্ডিনাল যারা রয়েছেন তারা ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করে থাকেন পোপ।

প্যাট্রিক ডি’রোজারিওর বয়স ৮১ পেরিয়ে গেছে। ফলে তিনি পোপ নির্বাচনের ভোটে অংশ নিতে না পারলে প্রথম ধাপের আলোচনা, যা এরই মধ্যে ভ্যাটিকানে শুরু হয়েছে, সেখানে যোগ দিতে পারতেন। কিন্তু বাধ সেধেছে তার হৃদযন্ত্র।

প্যাট্রিক তার বার্তায় লিখেছেন, মঙ্গলবার থেকে ভ্যাটিকানে শুরু হওয়া কার্ডিনালদের সম্মিলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল বিদায়ী পূণ্য পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে কার্ডিনাল ভাইদের সঙ্গে মিলিত হই। কিন্তু ভ্রমণের জন্য উপযুক্ত নয় আমার হৃদযন্ত্র। আমি তার (পোপ ফ্রান্সিস) এবং অন্যদের সঙ্গে আধ্যাত্মিক যাত্রায় সহগামী হব। একইভাবে আমি সহগামী হব কলেজ অব কার্ডিনালস ও কনক্লেভ সদস্যদের সঙ্গে।

তবে নিজের অসুস্থতার এই সময়েও পোপ ফ্রান্সিসের বার্তা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন প্যাট্রিক। লিখেছেন, ৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত আমার হৃদযন্ত্রের চিকিৎসার এই সময়ে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত যাত্রায় আমি আছি, যার উদাহরণ তিনি (পোপ ফ্রান্সিস) তৈরি করেছিলেন অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে এবং আরোগ্যলাভের সময়ে।

Pope-Francis-And-Patric-DRozario-01-Photo-24-04-2025

বাংলাদেশ সফরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসতে ‘পূণ্য পিতা’ অভিহিত করে তার প্রয়াণের সংবাদ ‘খুবই যন্ত্রণার ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন কার্ডিনাল প্যাট্রিক। তিনি লিখেছেন, প্রভুর প্রজাদের সঙ্গে, আমাদের সঙ্গে যাত্রা তিনি সম্পন্ন করেছেন এবং সেই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন উৎকৃষ্ট ধর্মউপদেশক যিশু খ্রিষ্টের উদাহরণ থেকে, যিনি তার দায়িত্ব সম্পাদন করেছেন, কষ্ট ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পূণ্য পিতা আমাদের সঙ্গে ইস্টার পালন করেছেন এবং প্রস্থান করছেন পুনরুত্থানের পূর্ণতা নিয়ে।

প্যাট্রিক প্রার্থনা করেন, প্রভু, গির্জার জন্য আপনার ইচ্ছা ও পরিকল্পনার প্রকাশ ঘটান। পৃথিবীর এই সংকটময় পরিস্থিতিতে গির্জাকে এমনভাবে পথ দেখান, যেভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আপনার সেবক পোপ ফ্রান্সিস এবং ইস্টার দিনের বার্তায়ও সেটা জানিয়ে গেছেন।

পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত সোমবার। এরপর মঙ্গলবার থেকেই কার্ডিনালরা কনক্লেভে মিলিত হয়েছেন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে। এই প্রক্রিয়া চলতে চলতেই শনিবার রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। সারা বিশ্ব থেকে মানুষ যোগ দেবে সে আয়োজনে, থাকবেন বিশ্বনেতাদের বড় একটি অংশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত

আবহাওয়াবিদরা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্ব

৫ ঘণ্টা আগে

ফরিদপুরের একই পরিবারের ৩ জন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

ওমরাহ পালন করতে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ফরিদপুরের তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭) নিহত হন।

৬ ঘণ্টা আগে

সার্জিও গরের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শামা ওবায়েদ

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’

৬ ঘণ্টা আগে

শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি? কী হবে পরবর্তী প্রক্রিয়া?

সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।

১৫ ঘণ্টা আগে