ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করছেন কর্মীরা। ফাইল ছবি

দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে যেন জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বকেয়া পরিশোধে গড়িমসি করলে ব্যবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণ নিয়ে এ সভা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সংসদীয় এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ প্রতিটি কারখানার তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও যেসব ব্যাংক, যেমন- ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরএমজি ও নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণ সভায় উপস্থিত শ্রমমন্ত্রী আরিফলু হক চৌধুরী ও অন্যরা। ছবি: সংগৃহীত
আরএমজি ও নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণ সভায় উপস্থিত শ্রমমন্ত্রী আরিফলু হক চৌধুরী ও অন্যরা। ছবি: সংগৃহীত

শ্রমমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নেতা অহেতুক উত্তেজনা সৃষ্টি করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পলাতক মালিক ও তাদের প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়ে এসব কারখানায় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২ হাজার ১২৭ কারখানার মধ্যে ১ হাজার ৯৬৪টি (৯২ দশমিক ৩৪ শতাংশ) ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। আর ঈদের বোনাস দিয়েছে ১ হাজার ৫৩৫টি (৭২ দশমিক ১৭ শতাংশ) কারখানা। তিনি বলেন, মার্চ মাসের বেতন পরিশোধ বাধ্যতামূলক নয়; তবে যেসব কারখানার সামর্থ্য আছে তারা তা পরিশোধ করবে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, দেশের ৮৩৪ কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারির বেতন এবং ৬০৪টি ঈদের বোনাস পরিশোধ করেছে। অধিকাংশ কারখানা বেতন-বোনাস দেওয়ায় বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, একটি আপদকালীন তহবিল গঠন করা গেলে সেই অর্থ দিয়ে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, বরং বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় এক তথ্য বিশেষজ্ঞকে নিয়ে একটা পরামর্শক কমিটি এবং পরে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে।

২ ঘণ্টা আগে

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। তিনি বলেন, ‘বিগত দিনে দেশ ছিলো আমদানিনির্ভর। জনগণের ভোগান্তি না বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।’

৩ ঘণ্টা আগে

দিল্লিতে বহুতল ভবনে আগুন, ৯ জনের প্রাণহানি

ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছে দেখেন, আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।

৪ ঘণ্টা আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছে।

৫ ঘণ্টা আগে