সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী। ছবি: সংগৃহীত
সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ১৪ আসামির তিন দিন এবং একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়া। আর ফারাজানা নামে এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন ১৫ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে সাবেক এমপি রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রিমন বাসায় ছিলেন না। প্রসঙ্গত, তিনি ২০১৪ ও ২০১৮ সালের দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বিবরণে বলা হয়েছে, রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস’ করতে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২২ জন পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, বাসার একটি কক্ষ তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগ পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement