অন্তর্বর্তী সরকারের ৪ অধ্যাদেশ বাতিল, ১৬টি যাচাইয়ের সুপারিশ বিশেষ কমিটির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২৩: ২০
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া ৯৮টি অধ্যাদেশ হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে উত্থাপন করা হবে। তবে বাতিল ও যাচাই-বাছাইয়ের জন্য ২০টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটিতে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছেন কমিটিতে থাকা বিরোধী দলের জামায়াতে ইসলামীর তিন সদস্য।

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়কালে ১৩৩টি অধ্যাদেশ করা হয়েছিল। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে (১২ মার্চ) এগুলো উপস্থাপন করা হয়।

পরে এগুলো যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করে সংসদ। তিনটি আনুষ্ঠানিক ও একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর আজ বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন উত্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পর পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে তা পাস না হলে অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। ১২ মার্চ সংসদ শুরু হওয়ায় আগামী ১২ এপ্রিল সেই সময়সীমা শেষ হচ্ছে।

ফলে যে ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে যাচাই–বাছাই করে উত্থাপনের সুপারিশ করা হয়েছে সেগুলোর ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হবে। আগামী সোমবার থেকে ১১৩টি অধ্যাদেশ বিল আকারে অনুমোদনের জন্য পর্যায়ক্রমে সংসদে উত্থাপন করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

বাতিল হচ্ছে ৪টি অধ্যাদেশ

চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো— জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের সুপারিশ

বিশেষ কমিটির প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি এখনই সংসদে বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়। যার মধ্যে ১১টিতে আপত্তি দিয়েছে বিরোধী দল। সেগুলো হলো— জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫। গণভোট অধ্যাদেশ, ২০২৫। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫। জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬। তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

বিরোধী দলের আপত্তি না থাকা অধ্যাদেশগুলো হলো— মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫। বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৬।

সংশোধিত আকারে পাসের সুপারিশ ১৫টির

১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তবে কোথায় কী সংশোধনী আনা হবে, তা বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এগুলো হলো— ২০২৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধান) অধ্যাদেশ, ২০২৬ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

যুদ্ধে অর্থনীতিতে কিছুটা চাপ বাড়ছে, তবে উন্নয়ন থেমে নেই: ত্রাণমন্ত্রী

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

পেট্রোল-অকটেনের উৎপাদন দেশেই, তবু সংকট কেন?

দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে আসা কনডেনসেট থেকে সবচেয়ে বেশি পেট্রোল ও অকটেন, কেরোসিন ও ডিজেল এবং অল্প পরিমাণ এলপিজি উৎপাদন করে হবিগঞ্জ অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট বা সিআরইউ।

৬ ঘণ্টা আগে

তেলের সংকট নেই, দেশে আমদানি-সরবরাহ স্বাভাবিক: মীর শাহে আলম

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আগামী তিন মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে