বিএনপি সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার চান সাংবাদিকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২১: ৪৭
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সমাবেশে বক্তব‍্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ছবি: ডিআরইউ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৪ বছরেও বিচার না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। মামলার তদন্ত শেষ না হওয়া এবং জড়িতদের বিচারের আওতায় আনা না হওয়ায় তারা বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপি সরকারের কাছে সাগর-রুনির খুনিদের বিচার দাবি জানান তারা। 

সোমবার (৬ এপ্রিল) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে এ দাবি করেন বক্তারা।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র দেড় মাস। ডিআরইউ আশা প্রকাশ করছে এই সরকার শান্তিপূর্ণ ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। সংগঠনটি সরকারের প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছে—ঘরে ঢুকে সংঘটিত এই নির্মম হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হোক।

তিনি বলেন, যদি বর্তমান সরকারও এ হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়, তবে তাদের ওপরও ব্যর্থতার দায় বর্তাবে। আগামী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। যদি সেখান থেকে কোনো ইতিবাচক আশ্বাস না পাওয়া যায়, তবে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এ নৃশংস হত্যার কোনো বিচার সম্পন্ন হয়নি। সাগর-রুনি হত্যার পর থেকে এ পর্যন্ত পাঁচটি সরকারের আমল অতিবাহিত হয়েছে—আওয়ামী লীগ সরকার, ২০১৪ সালের একদলীয় সরকার, ২০১৮ সালের রাতের সরকার, ২০২৪ সালের ডামি সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার। এই দীর্ঘ সময়ে সাংবাদিক সমাজ বারবার বিচারের দাবিতে আকুতি জানিয়েছে, কিন্তু কোনো কার্যকর অগ্রগতি দৃশ্যমান হয়নি। এতে জনমনে গভীর হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, ডিআরইউ’র পক্ষ থেকে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হয়েছে বলে মনে করছে সংগঠনটি।

ডিআরইউ দৃঢ়ভাবে ঘোষণা করছে—সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকরা এই দাবি থেকে সরে আসবে না এবং প্রয়োজনে কিয়ামত পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইনি। চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতিই হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনো নজির আছে কিনা জানা নেই। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে আমার বিশ্বাস। তিনি বলেন, বর্তমানে নতুন গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে । আমাদের বিশ্বাস এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে এই সরকার আন্তরিক থাকবে।

ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় একের পর এক সরকার জনগণকে হতাশ করেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছেও বিচার পাওয়ার আশা ছিল, কিন্তু তারাও তা সম্পন্ন করতে পারেনি। এখন বর্তমান বিএনপি সরকারের কাছে প্রত্যাশা—তারা যেন এই হত্যাকাণ্ডের বিচার করে প্রমাণ করে যে খুনীদের ক্ষমতার চেয়ে আইনের শক্তি অনেক বেশি।

এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান, স্থায়ী সদস্য কুদরাত-ই খোদা, গাজী আবু বকর, মনোজ রায়, হারুন-উর রশীদ, ডি এম আমিরুল ইসলাম অমর ও ওবায়েদ অংশুমান।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদিসহ সদস্যরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৬ ঘণ্টা আগে

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

১০ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে