ভারতের সঙ্গে ফের রেল যোগাযোগ চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে।

দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে। দুই পক্ষ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন চলাচল শুরু হতে পারে।

রেলওয়ে সূত্র বলছে, বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি বর্তমানে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথা ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হবে।

ঢাকার রেলভবনে অনুষ্ঠেয় এবারের বৈঠকের আলোচ্যসূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভাষ্য, তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে।

তবে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না। এ জন্য বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সম্মতি প্রয়োজন। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক পর্যায় থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে আইজিআরএম বৈঠক প্রতিবছর পালাক্রমে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। কয়েক দফা সময় পরিবর্তনের পর এবার ঢাকায় বসছে দুই দেশের রেল কর্তৃপক্ষ।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে প্রভাব পড়ে। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ করা হয়। এরপর ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় মৈত্রী, বন্ধন ও মিতালী, তিনটি ট্রেনই।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পরও ট্রেনগুলোর চলাচল আর শুরু হয়নি। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে সেগুলো পুনরায় চালুর আলোচনা শুরু হচ্ছে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে। তিনটি ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

২ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

২ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের পদায়নে ‘অনির্দিষ্টকালের জন্য’ বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

৩ ঘণ্টা আগে
Advertisement