সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার রাজনীতি ডটকমের নারী সাংবাদিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১০: ৩০
রোববার আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন রাজনীতি ডটকমের সংবাদ কর্মী শিউলি বাহার। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, আঘাতের ফলে স্ট্যান্ড থেকে শিউলির মোবাইল পড়ে গেছে। ছবি: ভিডিও থেকে

আদালত চত্বরে আলোচিত রামিসা হত্যাকাণ্ডের মামলার রায়ের খবর সংগ্রহ করতে গিয়ে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন রাজনীতি ডটকমের সাংবাদিক শিউলি বাহার। কোনো সংবাদমাধ‍্যমে কাজ না করলেও সাংবাদিক পরিচয়ে একজন তাকে প্রচণ্ড গতিতে কয়েক দফা ধাক্কা দেন। এ সময় তার হাতে থাকা স্ট্যান্ড থেকে মোবাইল ফোন ছিটকে পড়ে যায়।

শিউলি বাহার বলছেন, কাজের তাড়াহুড়া থাকায় তিনি ঘটনাটি শুরুতে অনুধাবনই করতে পারেননি। অন্য একজন সাংবাদিক ফোনটি পেয়ে তাকে ফিরিয়ে দেন। অন্যদিকে অভিযুক্ত জুবায়ের আলম একজন নারী সাংবাদিককে এভাবে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনাকেও খুব স্বাভাবিক হিসেবে বর্ণনা করছেন।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস রাজনীতি ডটকমকে বলেন, এ ধরনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। পাশাপাশি এখনো যেহেতু নারীদের কাজ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়ে গেছে, ফলে পুরুষ সহকর্মীদেরও এ ধরনের ঘটনায় এগিয়ে আসা উচিত।

ঘটনাটি ঘটে রোববার (৭ জুন) দুপুরে। এ দিন রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আলোচিত এ মামলার খবর সংগ্রহ করতে আদালত চত্বরে গিয়েছিলেন রাজনীতি ডটকমের সাংবাদিক শিউলি বাহার। রামিসার বাবা যখন আদালত ভবন থেকে বেরিয়ে আদালত চত্বরে রাখা প্রিজন ভ্যান পেরিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই হেনস্তার শিকার হন তিনি।

শিউলি বাহার বলেন, ‘রামিসার বাবার ফুটেজ সংগ্রহের জন্য আমি তার সঙ্গে সঙ্গে আদালত চত্বরের মূল ফটকের দিকে যাচ্ছিলাম। আরও অনেক সাংবাদিকই সেখানে ছিলেন। এ ধরনের ঘটনায় যেমন হয়, সাংবাদিক ছাড়াও সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় থাকে। কিছুটা ধাক্কাধাক্কি ঘটেও। কিন্তু আজ যেটি ঘটেছে, ভিড়ের মধ্যে আমাকে বারবার ধাক্কা দিচ্ছিলেন একজন ব্যক্তি।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ পরে খেয়ালি করি, তিনি আমার হাতে থাকা বুম ও স্ট্যান্ড বারবার সরিয়ে ফেলতে বলছেন। আমি না সরালে দেখি তিনি প্রথমে আমাকে একাধিকবার ধাক্কা দেন, এরপর আমার হাতে থাকা স্ট্যান্ডে সজোরে ধাক্কা দেন। তার ধাক্কায় আমি অনেকটা পিছিয়ে পড়ি। আবার বুমে অফিসের নাম লেখা আছে। সেটা দেখে তিনি বারবার বলছিলেন, রাজনীতি ডটকমকে সরাও।’ পরে ওই ব্যক্তি তুই-তোকারিও করেছেন বলে জানান শিউলি।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতেও দেখা যায়, ঘটনাস্থলে শিউলি বাহার ছাড়া আর কোনো নারী সাংবাদিক ছিলেন না। সেখানে সাদা ট্রাউজার ও সাদা টি-শার্ট পরিহিত এক ব্যক্তি শিউলিকে সজোরে ধাক্কা দিয়ে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার কাছ থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন। তিনি শিউলির বুমে আঘাত করলে সেই স্ট্যান্ড থেকে শিউলির মোবাইল ফোনটিও নিচে পড়ে যায়।

শিউলি বলেন, ‘আমার স্ট্যান্ড থেকে যে মোবাইল ফোনটি পড়ে গেছে, সেটিও আমি খেয়াল করিনি। আমাদের আরেক সাংবাদিক ভাইয়ের হাতে গিয়ে মোবাইলটি পড়েছে। তিনি হাতে ব্যথাও পেয়েছেন। তিনি আমাকে ফোনটি ফেরত দেন। সব মিলিয়ে ঘটনাটিতে শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও প্রচণ্ড আঘাত পেয়েছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। একজন সাংবাদিক হয়ে আরেক সাংবাদিককে কেন এভাবে আঘাত করতে হবে, সেটি বুঝতে পারছি না।’

জুবায়ের আলম। ছবি: ফেসবুক পেজ থেকে
জুবায়ের আলম। ছবি: ফেসবুক পেজ থেকে

খোঁজ নিয়ে জানা গেছে, শিউলিকে হেনস্তাকারী তরুণের নাম জুবায়ের আলম। তিনি সোনালী নিউজের কর্মী হিসেবে পরিচিত। এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনালী নিউজ কর্তৃপক্ষ রাতে রাজনীতি ডটকমকে জানিয়েছেন, বিভিন্ন অভিযোগে জুবায়েরকে মাস দুয়েক আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানতে চাইলে জুবায়ের আলম রাজনীতি ডটকমকে বলেন, ‘অ্যাসাইনমেন্ট গেলে এ রকম একটু ধাক্কাধাক্কি হয়ই। এগুলো এমন কিছু না। উনি রামিসার বাবার ফুটেজ আগে নিয়েছেন। আবার ওখানেও নিতে গেছেন। এ কারণে তাকে বলা হচ্ছিল অন্যদের একটু জায়গা দিতে। উনি না শোনার কারণে একটু সরিয়ে দেওয়া হয়েছে। একে এমন বড় ঘটনা মনে করার কোনো কারণ নেই।’

জানতে চাইলে জুবায়ের নিজেও স্বীকার করে নেন, তিনি আর সোনালী নিউজে কাজ করছেন না। এই মুহূর্তে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন তিনি। তাহলে কেন তিনি সেখানে গিয়েছিলেন— সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। পরে তিনি হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদককে তার নিজের ফেসবুক পেজের লিংক পাঠান, যেখানে কিছু ভিডিও আপলোড ও শেয়ার করেছেন তিনি।

ওই ফেসবুক পেজ থেকে গত মাসে বাণিজ্য প্রতিদিন ও বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছবিসহ শুভেচ্ছাও জানিয়েছেন জুবায়ের। এসব পোস্টে তিনি নিজেকে সোনালী নিউজের স্টাফ রিপোর্টার ও রিপোর্টার পরিচয় দিয়েছেন।

এ ঘটনা নিয়ে রাজনীতি ডটকমের বার্তা সম্পাদক তরিকুর রহমান সজীব বলেন, ‘অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারের সঙ্গে। আমরা পুরো ঘটনাটি দেখেছি। বিশেষ করে একজন নারী সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনাটি নিয়ে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়, সেটি পর্যালোচনা করে দেখছি।’

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস রাজনীতি ডটকমকে বলেন, ‘কর্মস্থলে নারী সাংবাদিকদের হেনস্তার ঘটনা আমরা অনেক আগে থেকেই ঘটতে দেখছি। এসব ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিউলি বাহারের ঘটনাটি আরও বেশি দুর্ভাগ্যজনক এ কারণে যে এখানে তাকে হেনস্তার সঙ্গে যে ব্যক্তিটি জড়িত, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কোনো গণমাধ্যমে কাজ করেন না। মোজো বা ইউটিউবার যারা আছেন, তাদের কেউ কেউ যে কোনো ধরনের শৃঙ্খলা ধার ধারেন না, এ ঘটনায় সেটি স্পষ্ট। একজন নারী সংবাদ কর্মীর সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত, সেটি সম্পর্কেও তাদের ন্যূনতম ধারণা নেই।’

এ ধরনের ঘটনায় আইনি ব্যবস্থার দিকে যাওয়ার তাগিদ দিয়ে শাহনাজ পারভীন বলেন, ‘এ ধরনের ঘটনার জন্য আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। ফলে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তাহলে নারীদের হেনস্তা করতে যাওয়ার সময় আরও দুইবার ভাবতে হবে।’

পুরুষ সহকর্মী যারা আছেন তাদের দায়বদ্ধতার দিকেও মনোযোগ আকর্ষণ করলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের এই সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, ‘শিউলির পাশে পুরুষ সহকর্মী যারা ছিলেন, তাদের এগিয়ে গিয়ে ঘটনাটি প্রতিহত করা উচিত ছিল। আমাদের দেশে নারীদের যে এখনো দুর্বল মনে করা হয়, তাদের পদে পদে বাধা দেওয়া হয়, সেটি তো পুরুষ সহকর্মীরা ভালো করেই জানেন। আমরাও কর্মস্থলে পুরুষ সহকর্মীদের এমন সমর্থন-সহায়তা পেয়েছি। শুধু নারী হিসেবে বিবেচনা না করলেও সহকর্মী হিসেবেই সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৩ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৪ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৬ ঘণ্টা আগে