ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন গভর্নর। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। এ সময় বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে ভারতের আমদানি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মো. মোস্তাকুর রহমান।

সাক্ষাৎকালে বাংলা কিউআর-এর ব্যবহার আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর। পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু বা সম্প্রসারণে ভারতের অভিজ্ঞতা এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একাধিক বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থ ও অর্জিত মুনাফা তুলনামূলক সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।

এ সময় প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের