প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাধারণ বিতর্কের সাইডলাইনে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে তারা মতবিনিময় করেন।
সাক্ষাতের পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সঙ্গে যে অংশীদারত্ব ও সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনের যেসব প্রকল্প নিতে যাচ্ছে, সেই প্রকল্পগুলোতে অংশীদারত্ব কাঠামোর মধ্যে কী কী করা যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিগুলোতে সমর্থনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক। তরুণ উদ্যোক্তাদের কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের সঙ্গে কীভাবে বড় আকারে করা যেতে পারে, সেসব নিয়ে আলোচনা হয়েছে।
দেশের তেল-গ্যাস সংকট নিয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, এখানে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে। আমরা যেসব প্রকল্প নিয়েছি, সরবরাহ শৃঙ্খলের কারণে যেন সেগুলো ব্যাহত না হয়, তা নিয়ে বিশ্বব্যাংক কাজ করবে। সামনের দিকে এগিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও উপস্থিত ছিলেন। বাসস।

















