এমপিদের বিদেশ সফরের কর্মসূচিতে লাগবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

বিদেশ সফরে গিয়ে কোনো সংসদ সদস্য বাংলাদেশ মিশন পরিদর্শন করতে কিংবা কোনো অনুষ্ঠান বা বৈঠকে যোগ দিতে দূতাবাসের সহযোগিতা চাইলে এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন নিতে হবে। বিদেশে বাংলাদেশের সব রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে রোববার পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রধান মো. নুরল ইসলামের সই করা বার্তায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সংসদ সদস্যরা বিদেশ সফরে গিয়ে প্রায়ই বাংলাদেশ মিশন পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া স্থানীয় সরকারের কর্মকর্তা বা বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কিংবা অনুষ্ঠান আয়োজনের জন্য চ্যান্সারি ব্যবহারের অনুরোধ করেন।
বার্তায় বলা হয়, এটা সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এই ধরনের অনুরোধগুলো অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। কোনো সংসদ সদস্য এ ধরনের কর্মসূচির বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের দ্বারস্থ হলে তাকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিতে বলা হয়েছে বার্তায়। সফরকারী সংসদ সদস্যদের কর্মসূচি আয়োজনের আগে এ সিদ্ধান্ত অনুসরণের জন্য সব মিশনপ্রধানকেও অনুরোধ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মন্ত্রীদের বিদেশ সফরের ক্ষেত্রে দূতাবাস বা হাইকমিশন সাধারণত যুক্ত থাকে। তবে সংসদ সদস্যদের কর্মসূচি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব বা জটিলতা তৈরি হয়। আরেক কর্মকর্তা বলেন, সংসদ সদস্যরা প্রায়ই ব্যক্তিগত সফর কিংবা চিকিৎসার জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠান আয়োজন করতে চান। এসব আয়োজনে দূতাবাসকে যুক্ত হতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়।
এসব কারণে সংসদ সদস্যদের কর্মসূচি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হলে ‘সবার জন্যই সুবিধাজনক’ হবে বলে জানান তারা।











-6dc146-256x144.webp)




-f3907b-256x144.webp)