ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৩: ৩৯
অন্যান্য মহাসড়কেও একই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে এই মহাসড়কে কার্যক্রম শুরুর পর সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে ধাপে ধাপে দেশের অন্যান্য মহাসড়কেও একই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এর কার্যকারিতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় মহাসড়কে যানবাহনের বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে। এর মধ্যে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল ও সাইন অমান্য, উল্টো পথে চলাচল এবং অবৈধ পার্কিং রয়েছে।

এ জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরায় কোনো যানবাহনের আইন লঙ্ঘন ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএর ডেটাবেজে চলে যাবে।

এরপর গাড়িটির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার তথ্য জানানো হবে। জরিমানার অর্থ পরিশোধের জন্য আদালত বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে হাজির হওয়ার প্রয়োজন হবে না। যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই জরিমানা পরিশোধ করা যাবে।

বারবার ট্রাফিক আইন ভাঙলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। বিআরটিএর বিধি অনুযায়ী প্রয়োজন হলে গাড়ির নিবন্ধন বাতিলও করা হতে পারে।

অনুষ্ঠানে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিবহন মালিক, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও সিসিটিভি ও এআই ক্যামেরায় তার তথ্য রেকর্ড থাকবে। প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতায় মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার আশা প্রকাশ করেন তিনি।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহনের চলাচল নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনুমোদন ও লাইসেন্স ছাড়া এসব যান মহাসড়কে চলতে দেওয়া হবে না। আইন ভাঙলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

তবে স্থানীয় ফিডার সড়ক ব্যবহার এবং সিএনজি স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো প্রয়োজনীয় বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, তা সমন্বয় করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement