এভারেস্টের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াবেন নিম্মি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৪: ৫৯
নুরুন্নাহার নিম্মি। ছবি: নুরুন্নাহার নিম্মির ফেসবুক প্রোফাইল থেকে

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন নিয়ে নেপালের উদ্দেশে রওয়ানা দিতে যাচ্ছেন নুরুন্নাহার নিম্মি। দীর্ঘ প্রস্তুতি, কঠোর অনুশীলন ও একাধিক সফল হিমালয় অভিযানের অভিজ্ঞতা নিয়ে এই নারী পর্বতারোহী এবার নামছেন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জে— এভারেস্ট ও বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয়।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে বিমানযোগে রওয়ানা দেবেন নুরুন্নাহার নিম্মি। প্রয়োজনীয় উচ্চতাজনিত পর্বতারোহণ সরঞ্জাম সংগ্রহ শেষে দুই দিন পর রওয়ানা দিয়ে মাউন্ট এভারেস্টের প্রধান প্রবেশদ্বার লুকলায় পৌঁছাবেন তিনি, যেখান থেকে শুরু হবে এভারেস্ট বেজ ক্যাম্পের পথে ট্রেকিং।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফল এই নারী পর্বতারোহী তার এবারের অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নুরুন্নাহার নিম্মি বলেন, ‘লুকলা থেকে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়ে আমি বেজ ক্যাম্পে পৌঁছাব। সেখানে কয়েক দিন বিশ্রাম ও প্রশিক্ষণের পর শুরু হবে রোটেশন। অর্থাৎ আরও বেশি উচ্চতায় উঠে আবার বেজ ক্যাম্পে ফিরে আসব। এভাবে সাত হাজার ২০০ মিটার পর্যন্ত গিয়ে শরীরকে প্রস্তুত করব। এরপর আবহাওয়া অনুকূলে থাকলে শুরু হবে ফাইনাল পুশ।’

সংবাদ সম্মেলনে নুরুন্নাহার নিম্মির বক্তব্য দেখুন এখানে—

https://www.facebook.com/share/r/1Cw5Cn5N2m/

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এভারেস্ট অভিযানে যাওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন নুরুন্নাহার নিম্নি। ছবি: রাজনীতি ডটকম
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এভারেস্ট অভিযানে যাওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন নুরুন্নাহার নিম্নি। ছবি: রাজনীতি ডটকম

নিম্মি জানান, তার এবারের অভিযান কেবল এভারেস্টেই সীমাবদ্ধ নয়, একই অভিযানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয়ের পরিকল্পনাও রয়েছে। সাউথ কোল থেকে এভারেস্ট সামিট শেষে আবার সেখান থেকেই লোৎসের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সবকিছু অনুকূলে থাকলে পুরো অভিযান শেষ হতে প্রায় দুই মাস সময় লাগবে।

কঠোর প্রস্তুতির পথচলা

নুরুন্নাহার নিম্মির পর্বতারোহণের স্বপ্ন একদিনের নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রথম বর্ষে পড়ার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কে গিয়ে পাহাড়ের প্রতি তার ভালোবাসা জন্ম নেয়। পরে বান্দরবান, ভুটান, ভারতের সিকিম ও নেপালের পাহাড়ে ঘোরাঘুরি করতে করতে সে টান আরও তীব্র হয়।

নুরুনান্নাহার নিম্নির এই যাত্রার মাধ্যমে ১৪ বছর পর বাংলাদেশ থেকে কোনো নারী পর্বতারোহী যাচ্ছেন এভারেস্টে। ছবি: রাজনীতি ডটকম
নুরুনান্নাহার নিম্নির এই যাত্রার মাধ্যমে ১৪ বছর পর বাংলাদেশ থেকে কোনো নারী পর্বতারোহী যাচ্ছেন এভারেস্টে। ছবি: রাজনীতি ডটকম

২০২০ সালে এভারেস্ট বেজ ক্যাম্প ট্রেকিং সম্পন্ন করেন নিম্মি। সে অভিজ্ঞতাই তাকে পেশাদার পর্বতারোহণে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক প্রশিক্ষণ নেন। এরপর থেকে প্রতিবছরই পর্বতারোহণ মৌসুমে বিভিন্ন উচ্চতার শৃঙ্গে অভিযান চালিয়ে নিজেকে প্রস্তুত করেছেন।

হিমলুং জয়ের পর এবার এভারেস্ট

গত বছর নিম্মি নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ (সাত হাজার ১২৬ মিটার) শৃঙ্গ সফলভাবে সামিট করেন। ৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে হিমলুং হিমাল শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশের নারী পর্বতারোহণে নতুন অনুপ্রেরণা তৈরি করেন তিনি।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে ৬ হাজার ১৬১ মিটার উচ্চতার নেপালের আইল্যান্ড পিক চূড়ায় পা রাখেন এই পর্বতারোহী। এবার সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় তার লক্ষ্য আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এভারেস্ট।

ব্যাংকার থেকে পর্বতারোহী

পেশায় ব্যাংকার নুরুন্নাহার নিম্মি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি প্রতিদিন ভোর ৫টা থেকে শুরু হতো তার শারীরিক প্রস্তুতি। ভোরের ওয়ার্কআউট, অফিস শেষে জিমে দীর্ঘ সময় অনুশীলন এবং মানসিক দৃঢ়তার জন্য নিয়মিত মেডিটেশন— সব মিলিয়ে নিজেকে তৈরি করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের জন্য।

নুরুন্নাহার নিম্মি। ছবি: নুরুন্নাহার নিম্মির ফেসবুক প্রোফাইল থেকে
নুরুন্নাহার নিম্মি। ছবি: নুরুন্নাহার নিম্মির ফেসবুক প্রোফাইল থেকে

নিম্মি বলেন, ‘অফিসের আগে ও পরে প্রতিদিন শরীরচর্চা করেছি। শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও খুব জরুরি। তাই নিয়মিত মেডিটেশন করেছি।’

পৃষ্ঠপোষকতায় পূবালী ব্যাংক

নিম্মির এই স্বপ্নযাত্রায় সবচেয়ে বড় সহায়তা দিয়েছে তার কর্মস্থল পূবালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তার পুরো অভিযান স্পন্সর করছে। এর আগে হিমলুং হিমাল অভিযানেরও পৃষ্ঠপোষক ছিল ব্যাংকটি।

নিম্মি বলেন, ‘আমি কয়েক জায়গায় স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছি। কিন্তু পূবালী ব্যাংক আমাকে পুরো সহায়তা দিয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এই অভিযান কঠিন হয়ে যেত।’

নারী পর্বতারোহণে নতুন অনুপ্রেরণা

এখন পর্যন্ত বাংলাদেশের দুজন নারী এভারেস্ট জয় করেছেন— নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। আর ওয়াসফিয়া নাজরীন ২০১২ সালের ২৬ মে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন।

এরপর ২০১৭ সালে এপ্রিলে বাংলাদেশি অভিযাত্রী মৃদুলা আমাতুন নুর এভারেস্ট অভিযান করেন। শেরপা বাদে তার দলে ছিলেন পাঁচজন। কিন্তু বেজ ক্যাম্পে ছাড়ার এক দিন পরই দলটি তুষারঝড়ের কবলে পড়ে একজন শেরপা আহত হন। অভিযানের মাঝপথে শেষমেশ মানবিকতাকে বেছে নিয়ে আহত সহযোগী শেরপাকে সহযোগিতা করতে এভারেস্টের ২২ হাজার ৫০০ ফুট উচ্চতা থেকে নেমে আসেন মৃদুলা।

গত ৯ বছরে বাংলাদেশ থেকে আর কোনো নারী এভারেস্ট অভিযানে যেতে পারেননি। সে প্রেক্ষাপটে নিম্মির এবারের এভারেস্ট যাত্রা বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি মনে করেন, সামাজিক ও প্রাকৃতিক নানা সীমাবদ্ধতার কারণে নারীদের জন্য এই পথ আরও কঠিন। তবে প্রয়োজনীয় সমর্থন পেলে নারীরাও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়াতে যাচ্ছেন এক সাহসী নারী— নুরুন্নাহার নিম্মি। এখন পুরো দেশে তাকিয়ে তার এভারেস্ট অভিযানের দিকে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিম্মি বলেন, ‘আমি যেন সফলভাবে ফিরে এসে আপনাদের এভারেস্ট জয়ের গল্প শোনাতে পারি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।’

২ ঘণ্টা আগে

জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারি পেল বীরশ্রেষ্ঠদের নাম

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। এ কারণেই সাতজন বীরশ্রেষ্ঠের নামে সাতটি গ্যালারি নামকরণ করেছি। আগের নদী ও ফুলের নাম বাদ দিয়ে এখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে গ্যালারিগুলোর নাম দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ক্রিস্টেনসেনের

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের ১০০ দিন পূর্তিতে বুধবার (২২ এপ্রিল) এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘১০০ দিন পর আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী। আমরা সামনে আরও কী কী অর্জন করতে পারি, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

৭ ঘণ্টা আগে

পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

প্রাথমিকভাবে যে ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি সইয়ের বিষয়ে সম্মতি দিয়েছে। বাকি সাতটি দেশের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি

১৫ ঘণ্টা আগে