ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯: ৩৬

লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জের ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষোভকারীরা।

সোমবার (২ মার্চ) ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে তারা দুই তরুণী লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা পরে মিছিল নিয়ে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন। সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিও জানান তারা।

রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাটি ঘটে গত শনিবার। পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই নারীর ওপর যে হামলা হয়েছে, ওনারা দুজন নাকি সিগারেট খাইতেছিল। কিছু লোক নাকি নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘তো আপনারা জানেন, ওপেন জায়গায় সিগারেট খাওয়া নারী-পুরুষ সবার জন্য নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এ জন্য আমি অনুরোধ করব, ওপেন যেন কেউ সিগারেটটা না খায়। এখন রোজার সময় সবাইকে সংযমী হতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, উপদেষ্টার এ বক্তব্য প্রকারান্তরে লাঞ্ছনা ও হামলাকারীদেরই প্রশ্রয় দিয়েছে। তারা এর তীব্র প্রতিবাদ জানান।

সাংবাদিক সাঈদা গুলরুখ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ঠাট্টার ছলে করা মন্তব্য শুধু দুজন নারীর ওপর শারীরিক আক্রমণের অপরাধকে আড়াল করেনি, হেনস্থার শিকার নারীদের, মানে ভিক্টিম ব্লেমিংও করেছেন। তার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করা, অপরাধের কভার-আপ, ভিক্টিম ব্লেমিং বা মোরাল পুলিশিং না।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় লালমাটিয়া আড়ংয়ের পাশের গলিতে মাঠের কোনায় একটি চায়ের দোকানে বসে দুই তরুণী চা ও ধূমপান করছিলেন। সেখান দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি করেন ও দোকান বন্ধ করতে বলেন।

এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দুই তরুণীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের একজন ওই ব্যক্তির গায়ে চা ছুড়ে মারেন। তরুণীরা পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তি তাদের অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়ে চা ছুড়ে মারেন।

এরপর ওই ব্যক্তি আরও লোকজন নিয়ে সেখানে জড়ো হতে শুরু করলে দুই তরুণী চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লোকজন তাদের ঘিরে ফেললে ওই ব্যক্তি ও তার সঙ্গে জড়ো হওয়া ব্যক্তিরা দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নিয়ে যান।

ওই তরুণীদের একজন ফেসবুকে পুরো ঘটনার বর্ণনা তুলে ধরে একটি পোস্ট দিয়েছিলেন। পরে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেটেড পাওয়া গেছে।

পোস্টে তরুণীটি ওই ব্যক্তিদের মারধর ও গালিগালাজের বর্ণনা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, মব জড়ো হয়ে একপর্যায়ে তাদের একটি গেটের ভেতর আটকে ফেলে। এ সময় তাদের একজনকে শারীরিকভাবে আঘাত করা হয়। তাকে বাঁচাতে অন্যজন এগিয়ে গেলে তিনিও হেনস্থার শিকার হন। তাদের পোশাক ধরেও টানাটানির অভিযোগ করেছেন তারা।

এর মধ্যে খবর পেয়ে তরুণীদের পরিচিতরাও অনেকে ঘটনাস্থলে যান এবং পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হলে উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হন।

থানায় কয়েক ঘণ্টা ধরে আলোচনা ও তর্ক-বিতর্কের পর দুপক্ষের মধ্যে সমঝোতা হয় বলে দাবি করেছে পুলিশ। পরে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।

৫ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীর ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৬ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৮ ঘণ্টা আগে
Advertisement