‘ভোটের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫০
রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে যমুনায় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে ওসমান হাদি হত্যা ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে এরই মধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। শনাক্ত বাকি সন্দেভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীগুলো।

এ ছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে বৈঠকে।

এর আগে রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। পরে অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) খন্দকার রফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা ব্রিফ করেন।

ব্রিফিংয়ে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সালের শেষ অবস্থানের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে— এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীরা তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে থাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৮ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১০ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১১ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে