নবজাতকদের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৮০ লাখ টাকা করে পরিশোধ করতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় ক্ষতিপূরণের এ অঙ্ক নির্ধারণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির।

এদিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল, তার জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টা, তথা আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, হাসপাতালের অনুরোধে নোটিশের জবাব দেওয়ার জন্য তাদের বাড়তি এ সময় দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের এমন তথ্য জানান আইনজীবী শিশির মনির। এর আগে গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন ভোরে এই হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকাল নাগাদ একে একে তাদের সবার মৃত্যু হয়।

আইনজীবী শিশির মনির বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

এরই মধ্যে ক্ষতিপূরণের অংশ হিসেবে ১০ লাখ টাকা করে পরিশোধ করা হয়েছে বলে জানান শিশির মনির। যমজ সন্তান হারানো একটি পরিবারকে ৮০ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

ঈদুল আজহার আগের দিনের মর্মান্তিক এ ঘটনায় সারা দেশে শোক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের গঠন করা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়।

৪ জুন জমা দেওয়া ওই প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা ও কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে ৬ নবজাতকের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমদের পরিবার, চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য পর্যালোচনা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭ মে ভোরে আনুমানিক ৫টা থেকে সকাল ৯টার মধ্যে ছয় নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই সময়ে দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স-স্টাফ ও সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

প্রতিবেদন প্রকাশের দিনই স্বাস্থ্য অধিদপ্তর আদ্‌-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়। অবহেলাজনিত কারণে ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। এই নোটিশের জবাব দিতেই আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement