দু’জনেই খান বংশের। দুজনেই সিনেমার নায়ক। এটুকু মিলের কথা প্রায় সবাই জানে। যে দুটি তথ্য অনেকেরই অজানা, সেটি জানালেন তাহসান। বললেন, ‘শাকিব খান ও আমার মধ্যে অনেক মিল আছে। আমার জন্ম হয়েছিল যে সালে শাকিব খানেরও জন্ম একই সালে।’
এখানেই তাদের মিলের শেষ নয়। জন্মের মিল রয়েছে ক্যারিয়ারেও। তাহসান বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড ব্ল্যাকের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে প্রায় ২৫ বছর ধরেই কিন্তু আমরা দুজনে দর্শক-শ্রোতার ভালোবাসা পাচ্ছি। এতো বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম।’
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একটি প্রসাধনী পণ্যের প্রচারণায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হয়ে কথাগুলো বলছিলেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান।
এদিকে অনুষ্ঠানে থেকে তাহসান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘তাহসানের মতো মাল্টিট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আনন্দিত।’
তাহসানের আগে অনেকটা একই কাজে পরীমণি, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরীরা উক্ত প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকিব খানের ডাকে।















