
টিম রাজনীতি ডটকম

দারুণ সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কুন্দে ডান প্রান্ত থেকে ডি-বক্সের মধ্যে দারুণ একটি পাস বাড়ান। নিচু ও জোরালো ক্রসটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এমবাপ্পে। কিন্তু নিয়ার পোস্টের খুব কাছাকাছি পৌঁছেও বলের নাগাল পাননি তিনি। অল্পের জন্য সুযোগ হাতছাড়া ফ্রান্সের।
প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটের খেলা শেষে ৬ মিনিটের ইনজুরি টাইম দিয়েছেন রেফারি।
রাবিও লাফিয়ে উঠে রুইসের ওপর চড়াও হন এবং তার পায়ে আঘাত করেন। এ ধরনের ফাউলের ক্ষেত্রে হলুদ কার্ড হতে পারে বলে জানান ধারাভাষ্যকাররা। ভাগ্য ভালো, রাবিও কার্ড দেখেননি। নইলে দুই হলুদ কার্ডে তাকে মাঠ ছাড়তে হতো। রাবিও যেভাবে খেলছেন, তাতে দ্বিতীয়ার্ধে তাকে নাও নামানো হতে পারে।
উসমান দেম্বেলে লুইসের গায়ে গিয়ে ধাক্কা খেলে রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। এমন সময়ে ভিএআর তথা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ। তাতে রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। ভিএআরের হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ দেশম।
বারকোলা বাম প্রান্তের ভেতরের দিক দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে নিখুঁত পাস বাড়িয়ে দিয়েছিলেন এমবাপ্পের দিকে। এমবাপ্পে এবার ছিলেন অনসাইডেই। কিন্তু গোলবারে থাকা সিমন আগেই বিপদ আঁচ করতে পেরেছিলেন। ডি-বক্স থেকে অনেকটা বেরিয়ে এসে দ্রুত ছুটে এসে ট্যাকল করে এমবাপ্পেকে আটকে দেন এবং বল ক্লিয়ার করেন। সিমনের নিখুঁত টাইমিংয়ে বিপদ থেকে বাঁচল স্পেন। তা না হলে এ ধরনের বলে এমবাপ্পের গোল না করাটাই অস্বাভাবিক।
উপামেকানো ডান প্রান্ত দিয়ে দূরপাল্লার এক দারুণ পাস বাড়ান। দেখে মনে হচ্ছিল এমবাপ্পে বলের নাগাল পেয়ে গেছেন। তার সামনে মাঝমাঠে পাস দেওয়ার মতো খেলোয়াড়ও ছিলেন। কিন্তু তখনই অফসাইডের জন্য লাইন্সম্যানের পতাকা ওপরে ওঠে।
মাইনেঁর একটি বাজে পাস মাঝপথেই রুখে দেন বায়েনা। এরপর স্পেন ফরাসি পেনাল্টি বক্সের সামনে বাম থেকে ডান প্রান্তে বল আদান-প্রদান করতে থাকে। ওলমো দারুণ এক ব্যাকফ্লিকে বল বাড়ান ইয়ামালের দিকে।
ইয়ামাল নিজে শট নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে লুইসের দিকে পাস বাড়িয়ে দেন। লুইস বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালে জড়ানোর চেষ্টা করেন, কিন্তু ডিফেন্ডারের গায়ে লেগে বলটি বাইরে চলে যায়। কর্নারের বিনিময়ে রক্ষা পায় ফ্রান্স।
দীর্ঘ সময় পর ফ্রান্সের আক্রমণ। বারকোলা বাম প্রান্ত থেকে দারুণভাবে ডি-বক্সের ভেতরে ঢোকার জায়গা তৈরি করেন। গোলপোস্টের ডান দিকের ওপরের কোণ লক্ষ্য করে শট নেন নিজেই। কিন্তু শটটি অনেক উঁচু হওয়ায় বাইরে দিয়ে চলে যায়।
ওভারল্যাপ করে দৌড়ানো দিনিয়ে ছিলেন বারকোলার নাগালেই। তাকে রিভার্স পাস দিলে হয়তো ফ্রান্স সুযোগ কাজে লাগালেও লাগাতে পারত।
মাঝমাঠ বরাবর একটি সাধারণ দূরপাল্লার শটেই ফ্রান্স রক্ষণভাগ প্রায় পরাস্ত হয়ে যাচ্ছিল। সিমন বলটি দূর থেকে বাড়িয়ে দেন, উপামেকানোর আগেই বায়েনা বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং মাইনঁকে প্রায় কাটিয়েই ফেলেছিলেন। তবে বায়েনার চতুর চিপ শট শেষ পর্যন্ত গোলবারের বাম দিক দিয়ে বাইরে চলে যায়। অবশ্য এর মধ্যে অফসাইডের জন্য পতাকা তোলেন লাইন্সম্যান।
পিছিয়ে পড়ার পর ফ্রান্স অনেকটাই বিপর্যস্ত। এর মধ্যেই ওলমো ও কুকুরেয়া বাম প্রান্ত দিয়ে নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করে ফরাসি রক্ষণভাগ প্রায় ভেঙেই ফেলেছিলেন। তবে উপামেকানো কোনোমতে শেষ মুহূর্তে বলটিকে ক্লিয়ার করে বিপদমুক্ত করেন দলকে।
মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দুইবার ওলিসেকে বাজেভাবে ফাউল করেন স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেয়া। তার জন্য হলুদ কার্ড খেতে হয়েছে তাকে।
ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট পেয়ে মাঠ ছেড়েছেন। তার পক্ষে আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ২৯ মিনিটের মাথায় তার জায়গায় নেমেছেন ম্যাক্সেন ল্যাক্রয়ঁ।

ম্যাচের মাত্র ২০ মিনিটের মাথায় লামিনে ইয়ামালকে ডি-বক্সে ফাউল করে স্পেনকে পেনাল্টি উপহার দিয়েছেন লুকাস দিনিয়ে। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান ফাউলের সঙ্গে সঙ্গে। মিকেল ওইয়ারসাবাল স্পট কিক থেকে স্পেনকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন।
১৫ মিনিটের মাথায় মাঝমাঠে রদ্রির অ্যাংকেলে বাজে ফাউল করেছিলেন ওলিসে। ধারাভাষ্যকাররা বলছেন, এ ধরনের ফাউলে সরাসরি লাল কার্ড দেখানোও অযৌক্তিক নয়। ওলিসে অবশ্য শেষ পর্যন্ত কোনো কার্ডই পাননি।
খেলার শুরু থেকেই বলের দখল আর নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্পেন। এর মধ্যে ফ্রান্স ১৩ মিনিটে পালটা আক্রমণের সুযোগ পেয়ে যায়। উসমান দেম্বেলে ভালো পাস বাড়িয়েছিলেন সামনে একা থাকা এমবাপ্পের কাছে। এমবাপ্পে শেষ পর্যন্ত বল টেনে নিয়ে যেতে পারেননি গোলপোস্ট পর্যন্ত। তার গতি বিবেচনায় এমন সুযোগ গোলে পরিণত হওয়া অস্বাভাবিক ছিল না।
ম্যাচের ১০ মিনিটের মাথায় স্পেনের দানি ওলমোকে ফাউল করেছেন ফ্রান্সের আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সের ডি-বক্সের কাছাকাছি ফ্রি-কিকটি অবশ্য কাজে লাগাতে পারেনি স্পেন।

প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন দুই দলই কাছাকাছি ফরমেশন নিয়ে মাঠে নেমেছে। এর মধ্যে ফ্রান্স খেলছে ৪-২-৩-১ ফরমেশনে। অন্যদিকে স্পেনের ফরমেশন ৪-১-২-৩।
গোলরক্ষক মাইক মাইনিয়েঁর ওপরে ফ্রান্সের রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকছে জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকাস দিনিয়ের ওপর।
রক্ষণভাগের ওপর থাকছেন দুই ডিফেন্সিভ মিডফিল্ডার অরিলিয়াঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও।
ফরাসি অ্যাটাকিং মিডে মাঝে থাকছেন মাইকেল ওলিসে, বাঁয়ে ব্র্যাডলি বারকোলা আর ডানে উসমান দেম্বেলে। আর স্ট্রাইকার হিসেবে সবার সামনে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
এদিকে স্পেনের গোলরক্ষক হিসেবে রয়েছেন উনাই সিমন। তার সামনে রক্ষণভাগে রয়েছেন চার সেনানী— পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত ও কুকুরেয়া।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রয়েছেন রদ্রি। তার সামনে দুজন মিডফিল্ডার ফাবিয়ান রুইজ আর দানি ওলমো।
আর আক্রমণভাগে বাঁয়ে আলেক্স বায়েনা ও ডানে লামিনে ইয়ামালের সঙ্গে মাঝে রয়েছেন মিকেল ওইয়ারসাবাল।
সেমিফাইনালের মহারণে মাঠে নামছে ফ্রান্স ও স্পেন। হাইভোল্টেজ এ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা একাদশ অপরিবর্তিত রেখেছে স্পেন। অন্যদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স, সেই দলে দুটি পরিবর্তন এসেছে।
ফ্রান্সে দেজিরে দুয়ের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বারকোলা, অরিলিয়াঁ চুয়ামেনি ফেরায় বাদ পড়েছেন মানু কোনো। চোটের কারণে আগের ম্যাচে খেলা হয়নি চুয়ামেনির।
উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
শেষ চারের লড়াইয়ে নেমে এসেছে বিশ্বকাপ ফুটবল। এখন কেবল দুই সেমিফাইনাল শেষে শিরোপার দাবিদার দুই দলের ফাইনালে ওঠার পালা। তাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন, ফিফা র্যাংকিংয়ের যথাক্রমে প্রথম ও তৃতীয় দল। হাইভোল্টেজ এ ম্যাচের সবশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন রাজনীতি ডটকমের।