নবাগত কুরাসাওয়ের ম্যাচে ‘সেভেন-আপে’র স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে নবাগত দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের মুখোমুখি হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে সে ম্যাচে মাত্র ৬ মিনিটেই গোলের মুখ খুলে দেন জার্মানির ফরোয়ার্ডরা। এরপর এরপর একে একে গোল পেয়েছেন আরও ৬ জার্মান, কাই হাভার্টজ পেয়েছেন জোড়া গোল। কুরাসাওয়ের লিভানো কমেনেনসিয়া গোল পেলে খেলা শেষে জার্মানির পক্ষে স্কোরলাইন দাঁড়িয়েছে ৭-১!

হ্যাঁ, নবাগত প্রতিপক্ষের সঙ্গে এমন দাপুটে জয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি। সেই সঙ্গে ফিরিয়ে এনেছে ১২ বছর আগের স্মৃতিও। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকেই ৭-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল জার্মানরা। সারা বিশ্বের কোটি ব্রাজিল ভক্তদের কাছে বিভীষিকাময় স্মৃতির সাক্ষী সে ম্যাচটি নানা আলোচনাতে ‘সেভেন-আপ’ হিসেবেই পরিচিতি পেয়ে আসছে। ১২ বছর পর আবার বিশ্বকাপে ‘সেভেন-আপ’ উপহার দিলো জার্মানি।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা জার্মানি গোলের দেখা পায় ষষ্ঠ মিনিটেই। প্রথম গোলটি এনে দেন ফেলিক্স এনমেচা। এরপর আক্রমণের ধার আরও বাড়তে থাকে। সে চাপ সামলাতে বেসামাল কুরাসাও সবাইকে চমকে দেয় ২১ মিনিটে।

দারুণ আক্রমণ থেকে প্রথমে লোকাদিয়ার শট রুখে দেন জার্মান ডিফেন্ডাররা। ফিরতি বল পেয়ে কোমেনেনসিয়ার বাঁ পায়ের জোরালো শট কিমিচের গায়ে লেগে ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ম্যাচের ২১ মিনিটে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোলের দেখা পেয়ে ১-১ গোলে সমতাতেও চলে আসে কুরাসাও!

এ গোলের ধাক্কায় কিছুটা ছন্দপতন জার্মান শিবিরের। কিন্তু সেটি মাত্র মিনিট দশেকের জন্য। এর মধ্যে কুরাসাও শক্ত করে চেপে ধরতে পারেনি জার্মানিকে। বরং জার্মানিই ধীরে ধীরে গুছিয়ে নিতে থাকে নিজেদের। ৩৮ মিনিটের মাথায় ব্রাউনের কর্নার থেকে আনমার্কড শ্লটারবেকের দুর্দান্ত এক হেডে জার্মানি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপর আর থামানো যায়নি জার্মানিকে।

বিরতিতে যাওয়ার আগে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে কুরাসাওয়ের ডি বক্সে ফাউলের শিকার হন এনমেচা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় মাপা শটে পেনাল্টি থেকে বল জালে জড়াতে একদমই ভুল করেননি আর্সেনাল তারকা হাভার্টজ। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় জার্মানি।

বিরতির পর আবার অপ্রতিরোধ্য ইউলিয়ান নাগেলসমানের দল। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই ছুটতে থাকা জশুয়া কিমিচ দারুণ পাস বাড়িয়ে দেন ডি বক্সের দিকে। সেখানে ছিলেন বায়ার্ন মিউনিখে তারই সতীর্থ জামাল মুসিয়ালা। গোলবারের বাঁ প্রান্ত দিয়ে লক্ষ্যভেদ করতে কোনো অসুবিধা হয়নি তার। স্কোরলাইন জার্মানি ৪, কুরাসাও ১।

একের পর এক আক্রমণ শানালেও পরের গোলের দেখা পেতে কিছুটা সময় লাগে। অপেক্ষার অবসান ঘটে ৬৮ মিনিটে। উনদাভের নিখুঁত ফ্লিক পেয়ে জোরালো শটে বল জালে জড়ান নাথানিয়েল ব্রাউন। ব্যবধান ৫-১।

১০ মিনিট পর আবার গোল। বদলি হিসেবে নেমেছিলেন যে ডেনিজ উনদাভ, ৭৮ মিনিটে গোলের দেখা পান তিনিই। হাভার্টজের পাস থেকে কিমিচ বল বাড়িয়ে দেন উনদাভের দিকে। তার শটটি নিখুঁত না হলেও লিয়ান্দ্রো বাকুনার গায়ে লেগে দিক বদলে পৌঁছে যায় জালে। জার্মানি ৬, কুরাসাও ১।

আবার ১০ মিনিটের বিরতি আরও এক গোল। এবার ৮৮ মিনিটের মাথায় উনদাভের চমৎকার থ্রু বল ধরে আর্সেনাল ফরোয়ার্ড হাভার্টজ ঢুকে পড়েন কুরাসাওয়ের ডি বক্সে। গোলরক্ষক রুমের মাথার ওপর দিয়ে বল চিপ করে সোজা পৌঁছে দেন জালে। জার্মানির পক্ষে ব্যবধান তখন ৭-১!

শেষ দুই মিনিটসহ ইনজুরি টাইমে আর গোলের দেখা না পেলে ২০১৪ সালের সেই ব্রাজিল ম্যাচের সমান সর্বোচ্চ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করেছে জার্মানি। সঙ্গে এ বার্তাও দিয়েছে বাকি ৪৭ দলকে, জার্সির ৪ তারকা এবার ৫ তারকায় পরিণত হতে পারে— তেমন প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে এসেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

৮ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১১ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১১ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১৪ দিন আগে
Advertisement