সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় বেসামরিক বাসটিকে লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এতে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, “হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এই অপরাধের সঠিক বিচার হবে এবং অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, বাসে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় তিনটি প্রধান বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সিরিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ না থাকায় দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগে।

















