চীনের সহায়তা চাইলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে চীনের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৫ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন তাদের আমদানিকৃত তেলের সিংহভাগ এই পথ দিয়ে আনে, তাই এই জলপথ নিরাপদ রাখা বেইজিংয়ের নৈতিক দায়িত্ব। একইসঙ্গে চীন যদি এই ইস্যুতে অবস্থান পরিষ্কার না করে, তবে চলতি মাসের শেষে তার নির্ধারিত বেইজিং সফর পিছিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট কাটাতে ন্যাটোর পাশাপাশি সুবিধাভোগী দেশগুলোকে মাইন-সুইপার ও ড্রোন বিধ্বংসী সরঞ্জাম নিয়ে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এছাড়া ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ আইল্যান্ড’-এ বড় ধরনের হামলার হুমকি দিয়ে তিনি ব্রিটেন ও ন্যাটোর ভূমিকারও কড়া সমালোচনা করেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন প্যারিসে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি চীনেরও এগিয়ে আসা উচিত, কারণ চীন তাদের প্রয়োজনের ৯০ শতাংশ তেল এই প্রণালি দিয়েই পায়।’

বেইজিং সফরের আগে এ বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও যোগ করেন, ‘আমরা সফরটি পিছিয়ে দিতে পারি।’

এদিকে হরমুজ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাটো মিত্রদের সতর্ক করেছেন। হরমুজ প্রণালি উন্মুক্ত করতে তারা সহায়তা না করলে ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হতে পারে।

চীনের সঙ্গে বাণিজ্য বিরতি কার্যকর করা এবং মার্চের শেষে ট্রাম্পের বেইজিং সফরের পথ সুগম করতে প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এল।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ, তাদেরই এটি সুরক্ষিত রাখতে সহায়তা করা উচিত।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানি বাহিনী জাহাজ চলাচলে আক্রমণ শুরু করলে ট্রাম্প গত শনিবার বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান।

ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানান, এই সহায়তার মধ্যে মাইন-সুইপার (মাইন অপসারণকারী জাহাজ) এবং ড্রোন ও নৌ-মাইন মোকাবিলায় অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। ইরান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর চরম আঘাত হানছি। প্রণালিতে কিছুটা ঝামেলা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। সুবিধাভোগী দেশগুলোর উচিত আমাদের সঙ্গে এখানে পাহারায় অংশ নেওয়া।’

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

এদিকে ট্রাম্প সতর্ক করে আরও বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ আইল্যান্ড’-এ আরও হামলা চালানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা পাঁচ মিনিটের মধ্যে সেখানে আঘাত করতে পারি এবং তা ঠেকানোর ক্ষমতা তাদের নেই।’

সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ব্রিটেনের ভূমিকারও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যকে এক নম্বর মিত্র ভাবা হয়, অথচ আমি যখন তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না।’

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে এনেছে, তখন ব্রিটেন জাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমিরাতে গুজব ছড়ানোর দায়ে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি চালানোর সময় এসব কনটেন্ট শনাক্ত করা হয়। তদন্তে দেখা গেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে তারা এ ধরনের তথ্য প্রচার করছিলেন।

৩ ঘণ্টা আগে

প্রথমবার ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলার দাবি ইরানের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি।

৩ ঘণ্টা আগে

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের ‘প্ররোচনা’

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ও তীব্রতা নির্ধারণে সৌদি আরবের প্রচ্ছন্ন প্রভাব নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৩ ঘণ্টা আগে