ইরান বলছে জবাব অব্যাহত, হামলা বাড়ানোর হুমকি নেতানিয়াহুর

১৯: ০১

রোববার দিনশেষে ইরান যুদ্ধের সবশেষ যে পরিস্থিতি

রোববার দিনশেষে ইরান যুদ্ধের সবশেষ যে পরিস্থিতি
আয়াতুল্লাহ আলি খামেনিকে স্মরণ করে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে ভারত অধ্যুষিত কাশ্মিরের শ্রীনগরে ব্যানার। ছবি: সংগৃহীত

শনিবারের পর রোববার গড়িয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের সংবাদ নিশ্চিত হয়েছে। ইরান নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাই নিহত হয়েছেন। নিহত হয়েছেন আলি খামেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য।

এ অবস্থায় ইরান তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সময় রাষ্ট্র পরিচালনার জন্য। পাশাপাশি আলি খামেনির দেখানো পথ ধরে সব ধরনের হামলার জবাব অব্যাহত রাখার কথাও জানিয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে হামলার তীব্রতা বাড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলা বাড়তেই থাকবে।

এ যুদ্ধের আরেক ‘রূপকার’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন, তিনি ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় আগ্রহী।

ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রচারের পর জাতির উদ্দেশে এমন ভিডিও বার্তা দেন ইরানের প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ আগেই এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানে ইসলামি প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না।

শত্রু দেশগুলোর হামলার জবাব দেওয়াকে ইরানের ‘বৈধ অধিকার ও কর্তব্য’ বলেও অভিহিত করেন মাসুদ পেজেশকিয়ান। ‘সুপ্রিম লিডারস কাউন্সিল’ রানের নতুন নেতৃত্ব খুঁজে বের করতে রোববার থেকেই কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এদিকে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনি যে পথ দেখিয়ে গেছেন, ইরান সেই পথেই চলবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

ইসরায়েল

ইরানের বিরুদ্ধে শনিবার শুরু হওয়া হামলা রোববারের পরেও অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ ও গোয়েন্দা সংস্থা মোসাদ সিকিউরিটি সার্ভিসের প্রধানের সঙ্গে এক বৈঠকের সময় এমন নির্দেশ দিয়েছেন তিনি।

টাইমস অব ইজরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়েছে, তেল আবিবের কিরিয়ার ছাদ থেকে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমাদের বাহিনী এখন সর্বোচ্চ শক্তি নিয়ে তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরও বাড়বে।

ইরানের হামলায় কয়েকজন ইসরায়েলির প্রাণহানিতে শোক ও সমবেদনা জানিয়ে নেতানিয়াহু বলেন, এই দিনগুলো দুঃখের দিন। গতকাল তেলআবিবে এবং আজ বেইত সেমেশে আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাপ্রকাশ করছি।

ইসরায়েলের সবার ‘অস্তিত্ব ও আমাদের ভবিষ্যত নিশ্চিত করার জন্য’ ইসরায়েল এই অভিযানে তাদের বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ‘পূর্ণ শক্তি’ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বলেও জানান নেতানিয়াহু।

এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার তথ্য ও ছবি প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার মাধ্যমে বিশ্বের জন্য কাজ করছেন বলেও দাবি করেছেন তিনি।

এদিকে আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আলি খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি নিজেও তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়। আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের আরও আগেই এটা করা উচিত ছিল।

তবে ইরানের ‘বর্তমান নেতা’দের বলতে ঠিক কার কার কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

১৯: ০১

আলি খামেনিকে হত্যায় কোন দেশের কী প্রতিক্রিয়া

আলি খামেনিকে হত্যায় কোন দেশের কী প্রতিক্রিয়া
ইয়েমেনের সানায় আয়াতুল্লাহ আলি খামেনির জন্য শোক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর মধ্য দিয়ে তার প্রায় ৩৭ বছরের শাসনের অবসান ঘটেছে। ইরানে এমন হামলা ও তার প্রাণহানিতে বিভিন্ন দেশের পক্ষ থেকে এসেছে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিক্রিয়া।

আলি খামেনির মৃত্যু ঘিরে বিভিন্ন দেশের দেওয়া বিবৃতি থেকে এটি স্পষ্ট, মার্কিন বলয়ের দেশগুলো এ হত্যাকাণ্ডকে খুব অস্বাভাবিক হিসেবে দেখছে না। অন্যদিকে সরাসরি মার্কিন বলয়ে না থাকা দেশগুলোই কেবল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। খামেনির মৃত্যুকে ‘মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেন পুতিন।

আলি খামেনিকে হত্যার ‘তীব্র নিন্দা’ জানিয়ে চীন সব পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থি’ বলেও উল্লেখ করা হয়েছে।

বিপরীতে আলি খামেনি হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির সরকারের একজন মুখপাত্র মুদ বোজো ফ্রান্সের আরটিএল টেলিভিশন নেটওয়ার্ককে বলেন, ‘খামেনি ছিলেন একজন নিপীড়ক ও দমনমূলক একনায়ক, যিনি তার নিজ দেশের জনগণকে দমন করেছিলেন। নারী, যুব ও সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করেছিলেন এবং সম্প্রতি দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী। তাই তার মৃত্যুতে আমরা শুধু উৎফুল্ল হতে পারি।’

কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া এসেছে মার্কিন সমর্থন হিসেবে পরিচিত পাকিস্তানের পক্ষ থেকে। দেশটি আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বার্তায় বলেন, ‘খামেনির শাহাদাতে শোক ও দুঃখের এ মুহূর্তে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং গভীর সমবেদনা জানাচ্ছে। আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করছে।’

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও পূর্বধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে। পৃথক পৃথক বিবৃতিতে এসব দেশ ইরানের পালটা হামলাকে আগ্রাসনের সঙ্গে তুলনা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবেও দেখছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে তারা কিছু বলেনি।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অপরাধের সর্বোচ্চ পর্যায়’ হিসেবে অভিহিত করেছেন সংগঠনটির মহাসচিব নাইম কাসেম। বলেছেন, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবিলায় আমাদের কর্তব্য পালন করব।

১৮: ১৩

ইরানে স্কুলে নিহত বেড়ে ১৫৩

ইরানে স্কুলে নিহত বেড়ে ১৫৩
ইরানের হরমোজগান প্রদেশের মিনাবের শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা দেড় শ ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে।

ইরানের বিচার বিভাগ অনুমোদিত মিজান নিউজ এজেন্সি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

হরমোজগান গভর্নর অফিসের তথ্য বলছে, এই প্রদেশের মিনাবের শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে সকালের শিফটে ১৭০ জন শিক্ষার্থী পড়ালেখা করে। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিনাবের প্রসিকিউটর এর আগে এ হামলায় ৯৫ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হামলায় নিহতের সংখ্যা বাড়ছে।

১৮: ০৫

ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজার বেসামাল

ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজার বেসামাল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ পরিস্থিতি স্তিমিত না হলে তেলের দাম ১০০ ডলারেও পৌঁছে যেতে পারে।

বিস্তারিত পড়ুন এখানে।

১৭: ৩৭

ইরানের সঙ্গে সংঘাতে ৩ মার্কিন সেনা নিহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর তিনজন নিহত হওয়ার তথ্য দিয়েছে ‘সেন্টকম’ নামে পরিচিত দেশটির সেন্ট্রাল কমান্ড। জানানো হয়েছে, এ যুদ্ধে আরও পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

রোববার (১ মার্চ) রাতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে মার্কিন কোনো সেনার হতাহতের তথ্য জানানো হলো। তবে এসব সেনা কোন পরিস্থিতিতে বা কোথায় হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। এরপর ২৪ ঘণ্টা পার হওয়ার আগ পর্যন্ত তাদের কারও নাম বা পরিচয় প্রকাশ করা হবে না।

এর আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকান বীরদের প্রাণহানি হতে পারে। আমাদের পক্ষে হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমন হয়।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহত পাঁচজনের বাইরেও কয়েকজন সেনা সদস্য ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার ও বিস্ফোরণের তীব্রতায় সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বর্তমানে বড় ধরনের যুদ্ধ অভিযান চলছে এবং পালটা জবাব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

এদিকে ইরান দাবি করেছিল, তাদের একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে। তবে সে দাবি অস্বীকার করেছে সেন্টকম। জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর ধারেকাছেও পৌঁছায়নি। উলটো ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

১৪: ৩৬

ইরানের প্রতিশোধ নেওয়ার অধিকার ‘বৈধ ও কর্তব্য’: প্রেসিডেন্ট

ইরানের প্রতিশোধ নেওয়ার অধিকার ‘বৈধ ও কর্তব্য’: প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক ডজন নেতা হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়াকে ‘বৈধ অধিকার ও কর্তব্য’ হিসেবে দেখছে ইরান।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেন, ‘খামেনি হত্যা বিশ্বের প্রতিটি কোণায় মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। ঐতিহাসিক এ অপরাধে যারা প্ররোচনা দিয়েছে এবং যারা এ অপরাধ সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং তাদের রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য ও অধিকার বলেই মনে করছে।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এই মহান কর্তব্য পালন করব।’

এর আগে রোববার সকালে ইরান কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করে। তার অবর্তমানে প্রেসিডেন্টসহ আরও দুজনকে নিয়ে অন্তর্বর্তী একটি পরিষদ গঠন করে ইরান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভাগ্য কী ঘটবে— এমন প্রশ্নও উঠেছিল। তবে ইরানের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট সুস্থ ও নিরাপদে আছেন।

১৪: ১৮

খামেনির দেখানো পথে যাত্রা অব্যাহত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খামেনির দেখানো পথে যাত্রা অব্যাহত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আয়াতুল্লাহ আলি খামেনি যে পথ দেখিয়ে গেছেন, ইরান সেই পথেই চলবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ হামলা শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার। অথচ এর একদিন আগেও ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ওমান এ আলোচনায় মধ্যস্থতা করছিল।

১৩: ২৯

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর শত শত ইরাকি নাগরিক বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তবে ইরাকিরা গ্রিন জোনে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা হাতে করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর পতাকা বয়ে নিয়ে যাচ্ছিল এবং তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে মারছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয় পুলিশকে।

এদিকে স্থানীয় ইরাকি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতেও বিক্ষোভ শুরু হয়েছে। শনিবারই ইরান-সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে, তারা নিরপেক্ষ থাকবে না এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানকে রক্ষা করবে।

দক্ষিণ ইরাকে বিমান হামলায় দুই সদস্য নিহত হওয়ার পর কাটাইব হিজবুল্লাহ জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। একই সঙ্গে এরবিল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

১১: ২০

ইরানের বিপ্লবী গার্ডের নতুন কমান্ডার ভাহিদি

ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আহমাদ ভাহিদিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক ও অর্থনৈতিক বাহিনী। এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম। সংগঠনটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিপুল।

আইজিআরসির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ আছে যারা নাম কুদস (জেরুসালেম) বাহিনী। ইরান সরকারের ভাষ্য, এ বাহিনীকে দেশটির পররাষ্ট্রনীতিবিষয়ক লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়।

প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা।

এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌ বাহিনী আছে। এ ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রভাণ্ডারও দেখাশোনা করে তারাই।

১১: ১১

তেহরানের কেন্দ্রস্থলে হামলা শুরু করেছি: ইসরায়েলি সেনাবাহিনী

তেহরানের কেন্দ্রস্থলে হামলা শুরু করেছি: ইসরায়েলি সেনাবাহিনী
তেহরানে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সবশেষ এক আপডেটে জানিয়েছে, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।

ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বিমান বাহিনী সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায় একের পর এক হামলা শুরু করেছে।

ইসরায়েলি বাহিনী যখন এ খবর জানিয়েছে, তখন তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেহরানের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

শহরের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ারের কাছে এমন বিস্ফোরণের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে ধোঁয়ার বড় কুণ্ডলী একটি স্তম্ভের আকারে বাতাসে উড়তে দেখা গেছে।

১০: ৩০

রেড ক্রিসেন্ট ভবনসহ তেহরানের কয়েকটি হাসপাতালে হামলা

ইরানের তেহরানে রেড ক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের কাছেও হামলা চালানো হয়েছে।

১০: ২৬

ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান নিহত

ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।

রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন ও ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এ ছাড়া বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

১০: ০৭

‘বৈঠক করার সময়’ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

‘বৈঠক করার সময়’ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত
আবদুলরহিম মৌসাভি। ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশন। খবরে বলা হয়েছে, আরও কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ও সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

ইরানি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময় নিহত হন।

০৯: ৫৩

ইরানের পরবর্তী নেতা হবেন কে?

ইরানের পরবর্তী নেতা হবেন কে?
ইরানের পরবর্তী নেতা হিসেবে আলোচনায় (বাঁ থেকে) মুজতবা খামেনি, হাসান খোমেনি, মরিয়ম রাজাভি ও রেজা পাহলভি। কোলাজ: রাজনীতি ডটকম

তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর খবরে ইরান পালটা হামলা ও প্রতিশোধের ঘোষণা দিলেও দেশটির ক্ষমতার পালাবদল নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে— আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হবেন কে?

বর্তমানে আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় তার ঘনিষ্ঠজনদের নাম রয়েছে। আবার ইরান থেকে নির্বাসিত অনেক নেতাই রয়েছেন, যারা রাজনৈতিক পটপরিবর্তনে ইরানের ক্ষমতাবলয়ে প্রবেশের সুযোগ খুঁজছেন। উপযুক্ত পরিস্থিতিতে তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা না হতে পারলেও ইরানের রাষ্ট্রকাঠামো বদলে রাষ্ট্রীয় নেতৃত্বে উঠে আসতে পারেন।

বিস্তারিত পড়ুন এখানে।

০৮: ৫৮

আলি খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

আলি খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
আয়াতুল্লাহ আলি খামেনি। পেছনের ছবিতে তার উত্তরসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। বলতে গেলে ধর্মীয় নেতাই সবকিছুর নেপথ্যে থেকে দেশটি পরিচালনা করে থাকেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ছিলেন আলি খামেনি। ১৯৮৯ সালে রুহুল্লাহর মৃত্যুর পর তিনিই ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসেন। তখন থেকে তিনিই ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা।

কিন্তু কে এই আয়াতুল্লাহ আলি খামেনি? কীভাবেই বা তিনি ইরানের নেতৃত্বের চূড়ায় উঠলেন? বিস্তারিত পড়ুন এখানে।

০৮: ০০

ইরান হামলা করলে ‘নজিরবিহীন’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানকে হামলা করতে নিষেধ করেছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইরান যদি এমন হামলা চালায় তাহলে ইরানের ওপরও ‘নজিরবিহীন’ হামলা চালানো হবে।

রোববার (১ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে যেন হামলা চালানো না হয়।

ট্রাম্প লিখেছেন, ‘ইরান মাত্রই জানিয়েছে, তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরও তারা যদি সেটা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’

এর আগে ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেয়। বিপ্লবী গার্ড বলেছে, ‘অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।’

০৭: ৫৫

০৭: ২৭

খামেনির মৃত্যুকে স্বাগত জানালেন রেজা পাহলভি

খামেনির মৃত্যুকে স্বাগত জানালেন রেজা পাহলভি
রেজা শাহ পাহলভি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির শেষ শাহ-এর (রাজা) নির্বাসিত পুত্র রেজা শাহ পাহলভি।

ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। কারণ ইরানের জনগণের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।’

পাহলভি লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামি প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে, বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে।

ইরানের নির্বাসিত এ নেতা আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সবচেয়ে ‘জঘন্য অপরাধ’ সংঘটিত হয়েছে দেশের ভেতরেই, যার মধ্যে আছে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা।

পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

পাহলভি লিখেছেন, ‘ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে। কিন্তু এমন সময় আসে, যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে।

০৭: ২১

ইরানের ২ সিনিয়র কমান্ডার নিহত, নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা

ইরানের ২ সিনিয়র কমান্ডার নিহত, নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা
মোহাম্মদ পাকপুর ও আলি শামখানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি মারা গেছেন।

রোববার (১ মার্চ) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূর্বসূরী নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থলবাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি।

ইরান-ইরাক যুদ্ধের সময় পাকপুর আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন। যুদ্ধের পর তিনি নাজাফ আশরাফের অষ্টম ডিভিশন ও আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

আলি শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন। পাকপুর ও শামখানি দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

০৬: ৫৬

ইরানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮

ইরানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮
ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা শতকের ঘর পেরিয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে মেয়েদের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে ১০৮ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ হামলাকে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়।

স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে স্কুলে হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল স্বীকার করেনি।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরান জুড়ে ২০১ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও ৭৪৭ জন আহত হয়েছেন।

রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।

০৬: ৫২

খামেনির প্রয়াণে ইরান চালাবেন কারা

খামেনির প্রয়াণে ইরান চালাবেন কারা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার কাঠামো ঘোষণা করেছে ইরান। দেশটি জানিয়েছে, তিন ব্যক্তি আপাতত ইরানের সার্বিক দায়িত্ব তত্ত্বাবধান করবেন।

এই তিনজন হলেন— ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।

অন্তর্বর্তী এই সময়ে ‘অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস’ নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসেন। ১৯৮৯ সালে তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে সে পদে আসীন হন।

০৬: ৪১

খামেনি হত্যার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা রেভ্যুলেশনারি গার্ডের

খামেনি হত্যার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা রেভ্যুলেশনারি গার্ডের
খামেনির মৃত্যুর খবরে ইরানের রাস্তায় শোকের মাতম। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘শত্রুদের কাপুরুষোচিত কাজ’ হিসেবে অভিহিত করেছে দেশটির বিপ্লবী সামরিক বাহিনী ইরান রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হত্যাকাণ্ডের ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

রোববার (১ মার্চ) সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যু নিশ্চিত করার পরপর বিপ্লবী গার্ড এ হুঁশিয়ারি দিয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট-ইসরায়েল যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি।

১৯৮৯ সাল থেকে টানা ৩৭ বছর ধরে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনির প্রস্থানে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। তবে শোকের মাঝেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান, যার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

তেহরান খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের মহান নেতার এই শাহাদাৎ বরণ প্রমাণ করে, তার ব্যক্তিত্ব, নেতৃত্ব ও দেশপ্রেম তাদের জন্য আতঙ্কজনক হয়ে উঠেছিল।’

‘যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নেতা নিহত হয়েছেন, তাদের এই জাতি ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং আইআরজিসি দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রকে নির্মূল করতে বদ্ধ পরিকর।’

আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগসহ দেশটির সব ক্ষেত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর ও সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলত।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল ও কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।

১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলি খামেনি।

০৬: ১০

খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় শোকের মাতম

খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় শোকের মাতম
০৬: ১০

০৬: ১০

০৬: ১০

০৬: ১০

০৫: ৪৪

নিজ অফিসেই মারা গেছেন খামেনি

নিজ অফিসেই মারা গেছেন খামেনি
তেহরানে খামেনির প্রধান কার্যালয় ‘লিডারশিপ হাউজ কম্পাউন্ড'; হামলার আগে (বাঁয়ে) ও পরে (ডানে)। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার নিজ কার্যালয়ে কাজ করার সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। তেহরানে খামেনির প্রধান কার্যালয় ‘লিডারশিপ হাউজ কম্পাউন্ডে’র ওপর চালানো এ হামলায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া বিবিসি ভেরিফাইয়ের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও লিডারশিপ হাউজ কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।

ইরানের বিপ্লবী সামরিক বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খামেনি আত্মগোপনে ছিলেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল তা ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই’। বরং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজ দপ্তরেই অবস্থান করছিলেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির দ্বিতীয় সুপ্রিম লিডার ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের এই আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

০৫: ৩৬

ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনির মৃত্যুর খবর জানান ট্রাম্প। বলেন, ‘ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।’

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেইসব মার্কিনি ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি ও তার রক্তপিপাসু গুন্ডাবাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল।’

ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাদের গোয়েন্দা ও অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরাইলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সঙ্গে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।’

খামেনির মৃত্যুর ঘটনায় ইরানের জনগণ তাদের নিজেদের মতো করে দেশ ‘ফিরে পাওয়া’র সুযোগ পেয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে।’

“আমি গত রাতেই বলেছি, ‘এখনই সুযোগ, তারা চাইলে ক্ষমা পেতে পারে; কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা।’ আশা করি, বিপ্লবী গার্ড ও পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সঙ্গে একাত্ম হবে এবং এই দেশকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে,”— লিখেছেন ট্রাম্প।

ইরানের নাগরিকদের দ্রুতিই ‘দেশ পুনর্গঠনের প্রক্রিয়া’ শুরু করার তাগিদ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত। কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে।’

‘মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য’ অর্জন না হওয়া পর্যন্ত ‘নিখুঁত ও ভারী বিমান হামলা’ পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজনমতো বিরতিহীনভাবে চলতে থাকবে বলেও ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প।

০৫: ২৭

খামেনির মৃত্যু, ইরানে ৩৭ বছরের শাসনের অবসান

খামেনির মৃত্যু, ইরানে ৩৭ বছরের শাসনের অবসান
আয়াতুল্লাহ আলি খামেনি [১৯ এপ্রিল ১৯৩৯ - ২৮ ফেব্রুয়ারি ২০২৬]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটেছে। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।

রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন খামেনির মৃত্যুর খবর। পরে ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিখুঁত বিমান হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। এ ঘটনাকে ইরানের জনগণের জন্য ‘দেশ ফিরে পাওয়ার বড় সুযোগ’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়ই বিরোধী দলীয় রাজনীতিতে পরিচিতমুখ হয়ে ওঠেন আলি খামেনি। ১৯৭৮-৭৯ সালের ইরান বিপ্লবের অন্যতম নেতা ছিলেন তিনি।

১৯৭৯ সালে ইরান বিপ্লবে শাহ সরকারের পতন ঘটলে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান’ প্রতিষ্ঠিত হয়। ওই সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ গ্রহণ করেন আলি খামেনির নেতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খামেনি। সে সময় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন আলি খামেনি। ১৯৮১ সালে ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

ইরানের রাষ্ট্রপতি পদে ১৯৮৯ সাল পর্যন্ত আট বছর দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই বছর রুহুলুল্লাহ খামেনির মৃত্যু হলে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ অলঙ্কৃত করেন। গত ৩৭ বছর ধরে তিনিই দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর হামলার মুখে প্রাণ হারালেন আলি খামেনি। তার ৩৭ বছরের শাসনেরও অবসান ঘটল।

০৫: ২৭

ইরান সংঘাত ঘিরে এখন পর্যন্ত যা যা ঘটেছে

  • শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ বেশকিছু শহরে।
  • যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
  • ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।
  • ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা জানায় ইরান।
  • কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • শনিবার ইসরায়েলের হামলায় দুয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
  • শনিবার দিনভর হামলার পর সন্ধ্যায় পশ্চিম তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
  • বার্তা সংস্থা এএফপি জানায়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
  • শনিবার রাতে তাসনিম নিউজ এজেন্সি জানায়, কৌশলগত গুরুত্ব বিবেচনায় ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে।
  • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, শনিবারের হামলায় অন্তত ২০১ জন নিহত ও অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন ইরানে।
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পালটা হামলার পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
  • রোববার ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
  • সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান।