ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব— ট্রাম্প বললেন ‘ভুয়া খবর’

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানকে ছাড় দেওয়ার খবরকে ‘ভুয়া’ অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানকে ছাড় দেওয়ার খবরকে ‘ভুয়া’ অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ছাড় ও দেশটির জব্দ করা অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার খবরকে সরাসরি ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সঙ্গে এমন কোনো প্রস্তাবই দেওয়া হয়নি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অ্যাক্সিওস যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে তিনি ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দ অর্থ ছাড়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু খবরটি ‘সত্য নয়’। তিনি ইরানকে কিছুই প্রস্তাব করেননি।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের ওই প্রতিবেদনকে ‘হোক্স’ বা প্রতারণামূলক খবর হিসেবে অভিহিত করেন ট্রাম্প। একই সঙ্গে প্রতিবেদনটি প্রত্যাহারের দাবিও জানান তিনি।

এর আগে অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘সুনির্দিষ্ট’ ছাড়ের বিনিময়ে তেহরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার পাশাপাশি জব্দ থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে ট্রাম্প প্রশাসন প্রস্তুত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে পরোক্ষ আলোচনা চলার সময় এমন প্রস্তাব সামনে এসেছে।

শুধু অ্যাক্সিওস নয়, সিএনএনও একই ধরনের তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, চূড়ান্ত কোনো সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট অগ্রগতি হলে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে ট্রাম্প নিজে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন।

এদিকে ট্রাম্পের অস্বীকারের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের অবসান নিয়ে নতুন কিছু ধারণা নিয়ে আলোচনা হয়েছে বলে ইরানি পক্ষ জানিয়েছে। এসব ধারণা কাতার মার্কিন পক্ষের কাছে পৌঁছে দেবে।

তবে আলোচনার বড় বাধা হয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, পারমাণবিক ইস্যুতে সমাধান ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ওয়াশিংটন। অন্যদিকে ইরান আলোচনায় নমনীয়তার ইঙ্গিত দিলেও দুই পক্ষের মধ্যে কে আগে কোন পদক্ষেপ নেবে এবং সময়সীমা কী হবে— এসব প্রশ্নে এখনো বড় ব্যবধান রয়েছে।

এর আগে ইরান সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ইরানি জব্দ অর্থ ছাড় ও তেল নিষেধাজ্ঞা শিথিলের মতো শর্ত দিয়েছিল তেহরান। ট্রাম্প সেই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। তবে পরবর্তী সময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ আবারও শুরু হয়েছে।

ফলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ অর্থ ছাড়ের প্রশ্নটি এখন ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। একদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে আলোচনার সম্ভাব্য শর্ত নিয়ে তথ্য প্রকাশিত হচ্ছে, অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে এমন কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement