খালেদা জিয়ার আসনগুলোতে প্রস্তুত ‘বিকল্প প্রার্থী’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খালেদা জিয়া

দিনাজপুর-৩ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল খালেদা জিয়ার নাম। দুটি আসনেই বিএনপির আরও একজন করে নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া খালেদা জিয়ার আরেক আসন ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) থেকেও একজন বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবেন বলে জানিয়েছিল বিএনপি। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বিবেচনায় এসব আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর-৩ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে জেলা রির্টানিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেন দলের নেতাকর্মীরা।

এদিকে রোববার খালেদা জিয়ার পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়ার ঘণ্টা দুয়েক আগে একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, দলের ‘হাইকমান্ডের নির্দেশে’ তিনি এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত জেলা বিএনপির নেতাদের মধ্যে তিনিও ছিলেন।

এর আগে গত ২১ ডিসেম্বর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র করেন এ আসনে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শনিবার (২৭ ডিসেম্বর) গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। মিল্টন নিজেও ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।

শনিবার নিজের নামে মনোনয়নপত্র সংগ্রহের সময় মিল্টন সাংবাদিকদের বলেন, দলের ‘উচ্চ পর্যায়ের কৌশলগত সিদ্ধান্তে’র অংশ হিসেবে মিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হবে আজ সোমবার। তবে একই আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবীবুর রহমান নান্টু ও তার ছেলে মজুমদার আরিফুর রহমানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই আসনে খালেদা জিয়ার নির্বাচন সমন্বয়ক রফিকুল আলম মজনু। দলীয় সূত্রগুলো বলছে, কোনো কারণে খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি এ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন।

এর আগে গত ৩ নভেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে মনোনীত ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন বলে জানান তিনি।

তবে এর আগেই দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছিল, ঠিক করা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সও। পরে মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে না।

এর মধ্যে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন গত বৃহস্পতিবার। এরপর গত শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান জানিয়েছেন, খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটময় মুহূর্ত’ পার করছেন। রোববার ভোরে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে স্ট্যাটাসও দিয়েছেন তার ছেলে তারেক রহমান।

বিএনপি সূত্র বলছে, শারীরিক অবস্থার কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারেন, সে কারণেই দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে আজ সোমবারই দলের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। বিভিন্ন দলের সঙ্গে জোট ও আসন সমঝোতার ভিত্তিতে বিএনপির পূর্বঘোষিত প্রার্থীর তালিকায় যে পরিবর্তন এসেছে, এ দিন সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে