পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে। তাদের বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অপকর্মের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি মাত্র ৬ মাস সরকারে এসেছে, এত অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। কথায় কথায় বিরোধী দলের মিছিল, মিটিং, লংমার্চ বা রোডমার্চ করা মানানসই নয়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দল ধর্মের দোহাই দিয়ে এবং জান্নাত দেওয়ার কথা বলে মা-বোনদের দুর্বল জায়গায় আঘাত করে ভোট নেওয়ার চেষ্টা করেছে। অথচ জান্নাত দেওয়া কেবল আল্লাহর হুকুম এবং মানুষের ঈমান-আকিদার ওপর নির্ভর করে; কোনো রাজনৈতিক দল কখনো জান্নাত দিতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেনসহ মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















-ef2993-256x144.webp)
