ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও খালখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
-ef2993-480x270.webp)
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন ও বাঁধ সংস্কারে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে খালখনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর খালখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এই সমস্যা থেকে ফেনীর মানুষকে রক্ষা করতেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে।
পাশাপাশি প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজও করা হবে। পাউবো কর্মকর্তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমবে।
ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবদিন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
এক দিনের সফরে নানাবাড়ির জেলা ফেনীতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোর ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

















