ফেসবুকে হাসনাত— হাসিনা ব্যবস্থার সবকিছুই বিএনপির দরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৮: ০৯
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পথেই ক্ষমতাসীন বিএনপি সরকার হাঁটছে বলে মনে করছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে শেখ হাসিনার ১৬ বছরের শাসনব্যবস্থার সবকিছুই বিএনপির দরকার, যা বিএনপি মুখ ফুটে বলতে পারছে না।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে মাত্র এক বাক্যের এমন একটি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই নেতা অবশ্য পোস্টে সরাসরি ক্ষমতাসীন বিএনপির নাম উল্লেখ করেননি।

হাসনাত লিখেছেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি— আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।’

নেটিজেনরা বলছেন, সাম্প্রতিক জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে ক্ষমতাসীন দল বিএনপির অবস্থান নিয়ে তিনি এ মন্তব্য করেছেন। এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া কয়েকটি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার বিয়ষটিও রয়েছে।

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোটের বিরোধ সংসদ অধিবেশন বসার পর তীব্র হয়েছে। বিরোধী দলের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে সরকার ‘টালবাহানা’ করছে।

বিএনপি অবশ্য বরাবরের মতোই বলছে, যে জুলাই সনদে তারা সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ সংবিধানসম্মত নয় বলে তারা এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা এই পরিষদ গঠন নিয়ে মুলতবি নোটিশ দিলে আলোচনাতেও সরকারি দল এর বিরোধিতা করেছে।

এর বদলে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে— এ বিষয়ে তার মুলতবি প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার এর ওপর আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন। দেশের ইতিহাসে এই প্রথম ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো মুলতবি প্রস্তাব সংসদে গৃহীত হলো।

এদিকে অন্তর্বর্তী সরকারের দেড় বছরে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়েও সরকার ও বিরোধী দলের মতপার্থক্য দেখা দিয়েছে। চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি, আরও ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের জন্য রেখে এখনই সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত হয়েছে।

যে চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো— জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

বহুল কাঙ্ক্ষিত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই চারটি অধ্যাদেশ জারি করা হয়। ওই সময় এসব অধ্যাদেশের বলেই পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, যেখানে বিএনপির আইনজীবী নেতাদের অনেকে উপস্থিত ছিলেন এবং সে উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

এসব অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় কতটুকু বিশ্বাস করে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাকি যেসব অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— গণভোট অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।

অন্তর্বর্তী সরকারের আমলে প্রশংসা পাওয়া এই অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপন না করার মধ্য দিয়ে বিএনপি সরকার গুম-খুন, মানবাধিকার ও দুর্নীতি ইস্যুতে জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চর্চাতেই ফিরে যাচ্ছে বলে দাবি বিরোধীদের।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টেও এমন অভিমতই প্রতিফলিত হয়েছে বলে ওই পোস্টের কমেন্টেও উল্লেখ করেছেন অনেকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১২ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৪ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে