দলে থাকলেও ভোট করবেন না এনসিপির সামান্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটের বিরোধিতা করলেও দল ছাড়ছেন না এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা নেবেন না বিধায় এ নির্বাচনে তিনি ভোটও করবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেছেন তিনি।

সামান্তা শারমিন লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে নির্বাচনি কৌশল, বিশেষত জামায়াতে ইসলামির সঙ্গে নির্বাচনি জোট ও আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভেতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে। আমি এ বিষয়ে আমার ভিন্নমত প্রকাশ করেছি। প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতেই অবস্থান নিয়েছে; কোনটি সঠিক, তা সময়ই নির্ধারণ করবে।’

ভোট না করার সিদ্ধান্তের কথা জানিয়ে সামান্তা বলেন, ‘যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করি না, আবার একই সঙ্গে পার্টি থেকেও এই মুহূর্তে আপাতত পদত্যাগ করছি না, তাই এনসিপি-জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।’

এনসিপিতে থেকেও জামায়াতের বিরোধিতা করাকে সমস্যার কারণ মনে করছেন না সামান্তা। তিনি বলেন, ‘পার্টির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়। ফলে আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা এনসিপির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়।’

সময়ের হাতেই মূল্যায়নের ভার ছেড়ে দিয়ে সামান্তা লিখেছেন, ‘জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের বিষয়ে এনসিপির এ সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়। এর ফলাফলের সঙ্গে পার্টির ভবিষ্যৎ রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গেছে। একই সঙ্গে এনসিপির ভেতরে আমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎও এ সিদ্ধান্তের পরিণতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আমি আমার অবস্থানের রাজনৈতিক ফলাফলের জন্য অপেক্ষা করব। সময়ই এর চূড়ান্ত মূল্যায়ন করবে। আল্লাহ ভালো জানেন।’

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোটের খবর প্রচারের শুরু থেকেই সমালোচনা করে আসছেন সামান্তা শারমিন। এর আগে একাধিক স্ট্যাটাসে তিনি দলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানান।

সামান্তা এর আগে এক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।’

পরে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা ৩০-এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো।’

এমন সমালোচনা করলেও অবশ্য দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেননি সামান্তা। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। আবার সামান্তার মতো দল থেকে পদত্যাগ না করলেও ভোট থেকে সরে দাঁড়িয়েছেন নওগাঁ-৫ ও খাগড়াছড়ি আসনে এনসিপির মনোনয়ন পাওয়া দুই নেতা যথাক্রমে মনিরা শারমিন ও মনজিলা ঝুমা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলমতের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অনুরোধ ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।

৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

৬ ঘণ্টা আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনেও আলোচনায় ৭০ অনুচ্ছেদ, কী বলছে সরকার ও বিরোধী দল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি। এই নির্বাচনের দিনেও ফের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ।

৭ ঘণ্টা আগে