মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: জামায়াত আমির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে এবং মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক। সব প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে। রাজধানীতে যেখানে আইনশৃঙ্খলা অবনতি সেখানে সারা দেশের অবস্থা উদ্বেগজনক।
মেজর আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, মেজর আখতার যেভাবে কথা বলেছেন সেটা হয়তো অনেকের পছন্দ হয়নি। কিন্তু, এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করার জন্য মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে। তাকে অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে।
জামায়াতে আমির বলেন, ডেঙ্গুতে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। বর্তমান সরকার আগের সরকারকে দায়ী করেছে কিন্তু এখনও মৃত্যু হলেও তারা ব্যর্থতা স্বীকার করেনি।
তিনি বলেন, ডেঙ্গুর জন্য প্রতিষেধক টিকা বিশ্বে এখন আছে। সরকার যদি না পারে তাহলে বেসরকারিভাবে আনা উন্মুক্ত করে দেওয়া হোক। ডেঙ্গু প্রতিরোধে শুধু লিফলেট বিতরণ নয় বিরোধী দল কার্যকর কার্যক্রমও চালাবে।
সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের কাজ পাহারা দেওয়া, ঘুমানো নয়, জনগণ ঘুমাবে। পাহারা দিতে না পারলে সেই সরকার দরকার নেই।
তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিন। দায়িত্ব পালন করলে সাধুবাদ জানানো হবে।










-5a0fee-256x144.webp)



