সঠিক সময়েই নির্বাচন, জাপা নিষিদ্ধ নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই দলই জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়েছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনাই হয়নি।

মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় তারা আশ্বস্ত হয়েছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ‘সঠিক সময়েই’ নির্বাচন হবে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর মির্জা ফখরুল ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, হামলার বিষয়টি একটি গর্হিত কাজ। আমাদের শঙ্কা, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। তবে তার সুযোগ নেই।

লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের ওপর দুর্বল— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে ইঙ্গিত করে এমন অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

এর আগে রোববার বিকেলে জামায়াতে ইসলামী ও সন্ধ্যায় এনসিপির সঙ্গেও বৈঠক করে প্রধান উপদেষ্টা। দুটি দলই প্রধান উপদেষ্টার কাছে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছে। দল দুটির দাবি, আওয়ামী লীগের শাসনামলে তাদের সব অপকর্মের দোসর ছিল জাতীয় পার্টি। ফলে তাদের রাজনীতিও আওয়ামী লীগের মতো নিষিদ্ধ থাকা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, এ নিয়ে তারা কোনো আলোচনা করেননি আজকের বৈঠকে। তিনি বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘটে। ওই হামলার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।

এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

৪ দিন আগে

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

৫ দিন আগে

প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের মধ্যে দলীয় ও সাংগঠনিক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

৭ দিন আগে