সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৩: ০৫
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’

তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, ‘আসনটি শূন্য হওয়ার পরে সব দল/জোটের জন্য উন্মুক্ত হবে।’

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল বুধবার বাছাইয়ে মনিরা শারমিন ছাড়া বাকি ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত এলো।

বুধবার আরপিও’র বিধান তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা মঈন বলেছিলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছেন, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।’

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

মনিরা শারমিন ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। তিনি ২০২৩ সালে নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন, দুই বছর পর ২০২৫ সালের ডিসেম্বর চাকরি ছাড়েন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। আপিল নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত। আর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement