ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার— এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।’ আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে একটি রাজনৈতিক দলে নিজের ভূমিকা অস্বীকার করার অভিযোগ তুলে তিনি এমন মন্তব্য করেন, যা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করেই করা হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) দেওয়া এই পোস্টের শুরুতেই মাহফুজ আলম লেখেন, ‘মুক্তির দিনে এসে এসব বেমানান, তবু জানিয়ে যাই ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার!’

তিনি লেখেন, ‘ইতিহাসের মাৎস্যন্যায় তো বাস্তব। বড় মাছ মেজো/ছোট মাছ গিলে খাবে। মেজো/ছোট মাছ আবার বড় হয়ে অন্যদের গিলে খাবে। গত দুই বছরে কি হয়নি এসব? আবারও হবে। সময় এলে সেখানে অন্যরা থাকবে না।’

সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, ‘আপনি একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে। যেনবা আপনি ছিলেনই না। থাকলেও গাদ্দারবৎ ছিলেন। যদিচ, কোনোভাবে ওই আদর্শিক গ্রুপের সঙ্গে তাল মিলিয়ে চললে প্রধান ২/৪ পুতচরিত্রদের একজন হয়ে ওঠা কোনো ইস্যুই ছিল না।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের নেপথ্যের অন্যতম ব্যক্তি ছিলেন মাহফুজ আলম। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তিন ছাত্রনেতার একজন হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন এনসিপি ও নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়েও তার প্রভাব ছিল।

তবে গত বছরের ডিসেম্বরের শুরুতে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর মাহফুজ আলম এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনি সমঝোতা চূড়ান্ত হওয়ার পর তিনি দলটির সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করেন।

গত বছরের ২৮ ডিসেম্বর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম জানান, জামায়াত-এনসিপি নির্বাচনি সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না।

সেই পোস্টে তিনি লেখেন, ‘নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত (নীতিগত) জায়গায় সহযোগিতা করেছি।’

বিদ্যমান বাস্তবতায় সেই সম্পর্ক আর থাকছে না জানিয়ে ওই পোস্টে তিনি বলেন, ‘আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন (দীর্ঘদিনের অবস্থান) ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, ‘নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায়-দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।’

ডিসেম্বরের দেওয়া ওই পোস্টে তিনি আরও বলেন, ‘এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।’

বিকল্প তরুণ/জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘বরং আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে।’

পরে চলতি বছরের মার্চে মাহফুজ আলমের উদ্যোগে ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। ৬ মার্চ ১৭ সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটির ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। ওই কমিটিতে এনসিপির তিন সাবেক নেতা— তাজনূভা জাবীন, হাসান আলী ও ইমান সৈয়দ স্থান পান। তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইমান সৈয়দ দলটির দক্ষিণ অঞ্চলের সাবেক যুগ্ম প্রধান সংগঠক ছিলেন।

আজ বুধবারের পোস্টে এনসিপির প্রতি ইঙ্গিত করে মাহফুজ আলম লেখেন, ‘একটি দলে যোগ না দিলে ওই দলের লোকজন আপনার নামই নেবে না। যদিও দলটি গড়ে তোলায় আপনি প্রতিষ্ঠাতাদের কিংবা নীতিনির্ধারকদের একজন ছিলেন। দলের তৈরি কোনো ইভেন্টের ইতিহাসেও আপনার নাম নেওয়া হবে না। নিলেও দায় দেওয়ার জন্য নেওয়া হবে। যদিচ, আপনি ওই ইভেন্টে সকল নীতিনির্ধারণে অন্যতম একজন ছিলেন।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ফলে, যার হাতে ক্ষমতা সে ইতিহাস লিখবে। এটা নিয়ে অভিযোগ করবে দলের/আদর্শিক গোত্রের লোক। কারণ, দলের/আদর্শিক গোত্রের ক্ষমতারোহণের জন্য ইতিহাসের ওপর কর্তৃত্ব দরকার। ক্ষমতারোহণ করে তারা কার/কাদের ইতিহাস লিখবেন, কাদের বাদ দেবেন সেটা বলাই বাহুল্য।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানকে ঘিরে দলের ভেতরেই ষড়যন্ত্রের অভিযোগ কর্নেল অলির

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

৯ ঘণ্টা আগে

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টকে কেন্দ্র করে গ্রেপ্তার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। ফেসবুকে দেওয়া ওই পোস্টের জের ধরে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকার বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

১৪ ঘণ্টা আগে

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি সরকারকে দায়ী করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান শাসনব্যবস্থা বেশিদিন স্থায়ী হবে না।

১৪ ঘণ্টা আগে

দেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধামমন্ত্রী বলেন, দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

১ দিন আগে