আগে কাজ করি তারপর কথা বলব: গভর্নর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: ভিডিও থেকে

গভর্নর পদে নিয়োগ পাওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকে গেছেন মো. মোস্তাকুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলেও নতুন গভর্নর জানান, আগে কাজ করে পরে কথা বলবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান নবনিযুক্ত গভর্নর।

বাংলাদেশ ব্যাংকে প্রবেশের মুখে উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। তারা গভর্নরের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে মোস্তাকুর রহমান বলেন, ‘আগে কাজ করি তারপর কথা বলব।’

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম ব্যবসায়ী হিসেবে এ পদে নিয়োগ পেলেন।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান তৈরি পোশাক খাতের ব্যবসায়ী। হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন তিনি। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর পরিচিতমুখ তিনি।

গভর্নর পদে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন মোস্তাকুর রহমান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দুই সপ্তাহের মধ্যেই আহসান এইচ মনসুরকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। বুধবার পৃথক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement