লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫২
ফার্নেস অয়েল। ফাইল ছবি
ফার্নেস অয়েল। ফাইল ছবি

অক্টোবর মাসের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এ দাম নির্ধারণ করা হয়। আজ দিনগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে এ জ্বালানি তেলের দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।

বিইআরসি জানিয়েছে, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। কমিটি ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর বা প্লাটস রেট, অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে।

এসব তথ্যের ভিত্তিতে অক্টোবরের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে বিশেষ কমিশন সভায় ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। নতুন নির্ধারিত দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি-বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে শুনানি করে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে কমিশন তিন মাস অন্তর অথবা প্রয়োজন অনুযায়ী এ জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement