হাসনাতের দুঃখ প্রকাশ, তবু এনসিপির কর্মসূচি ঠেকানোর ঘোষণা কওমি ছাত্রদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮: ০৩
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’ হয়েছে জানিয়ে ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তার দুঃখ প্রকাশের পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। তবে এনসিপির সভাস্থলে ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্রদেড় সংগঠনটি পূর্বনির্ধারিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শনিবার দুপুর ২টায় বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। আর মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না। কারণ তারা আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।’

বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি। ছবি: সংগৃহীত

এর প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ শহরে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। তারা বক্তব্যের জন্য হাসনাত আবদুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

অন্যথায় শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুঃখ প্রকাশ হাসনাতের

শনিবার বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।’

হাসনাত আরও লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, সিনেমা অনেকটা নিষিদ্ধের মতোই। এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ওপর চাপিয়ে দিয়েছেন। সেখানকার আলেম–ওলামাদের ওপর দিয়েছেন। তাদের ভাবমূর্তি বিশ্বের সামনে ক্ষুণ্ন করেছেন।’

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধ হওয়ার খবর গণমাধ্যমে যেভাবে এসেছে, বাস্তব চিত্র তা থেকে আলাদা ছিল বলেও দাবি করেন হাসনাত। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাই শিক্ষার্থীরা শব্দ কমাতে বলে। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের কথা–কাটাকাটি থেকে পরবর্তী ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হন পুলিশের লাঠিপেটায়।’

তিনি আরও লিখেছেন, ‘মিডিয়া ভিন্নভাবে উপস্থাপন করলেও ঘটনাপ্রবাহ থেকে এটা স্পষ্ট, মাদ্রাসা শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করে দেয়নি। তারা শুধু শব্দ কমাতে বলেছিলেন। এর মানে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। যার মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সম্পর্কে ভুল বার্তা দিয়েছিলেন, তাদেরকে ছোট করেছিলেন। অন্যদিকে নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলি। এই ত্রুটিতে যে অনাকাঙ্ক্ষিত ভুল–বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাতে আমি বিব্রত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি।’

কওমি ছাত্র ও এনসিপি নেতাদের পালটাপালটি বক্তব্য

হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দুঃখ প্রকাশ করায় কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করব, ইনশাল্লাহ।’

অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্যই জেলা প্রশাসককে বলেছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠান হবে।’

এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ দুপুর ২টায় বলেন, ‘এনসিপির পূর্বঘোষিত সমন্বয় সভা ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি। সবাইকে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খুলনায় ‘চুরি করে ভাত খাওয়া’র দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১১ ঘণ্টা আগে

মানিকগঞ্জে একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে সৌদি আরবপ্রবাসী একরাম হোসেন (৪০), তার স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) ও দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৩ ঘণ্টা আগে
Advertisement