‘তৌহিদী জনতা’র বাধা পেরিয়ে সিলেটে নৌকাবাইচ, ফাইনাল অমীমাংসিত

বিয়ানিবাজার (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০০: ২৭
বৃহস্পতিবার সোনাই নদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: সংগৃহীত

‘তৌহিদী জনতা’র ব্যানারে নৌকাবাইচ বন্ধের দাবির মধ্যেই সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওই পক্ষের আপত্তির পর আয়োজকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে অন্ধকার নেমে আসায় ফাইনাল পর্বের বাইচ অনুষ্ঠিত হয়নি। পরে বৈঠক করে বিজয়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকার সোনাই নদের তৃগাংগারমুখ অংশে এ প্রতিযোগিতা শুরু হয়। লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি নৌকা।

নৌকাগুলো হলো— গোলাপগঞ্জের কালীজুরির ‘পাগলা নাও’, হাকালুকির ‘বাঘ নাও’ ও বড়লেখার ঘোড়াকান্দির ‘স্বাধীন বাংলা নাও’। বিজয়ী নৌকার জন্য বড় আকারের একটি গরু এবং দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকার জন্য একটি রেফ্রিজারেটর পুরস্কার হিসেবে রাখা হয়।

এর আগে নৌকাবাইচ বন্ধের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে স্থানীয় কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান। এ দাবিতে বারইগ্রাম বাজার মসজিদে ওই ব্যানারে একটি সভাও করা হয়। সভা থেকে নৌকাবাইচ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

পরে সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন বক্তাকে নৌকাবাইচকে কেন্দ্র করে অতীতে মারামারি ও সংঘর্ষ, নদীর পাড় ও আবাদি জমির ক্ষতি এবং যানজটসহ বিভিন্ন সমস্যার কথা বলতে শোনা যায়। তাঁদের দাবি, অতীতে নৌকাবাইচকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তাই এ আয়োজন বন্ধ রাখা উচিত।

অন্যদিকে আয়োজকদের দাবি, নৌকাবাইচ সোনাই নদ ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছর এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া এলাকার অধিকাংশ মানুষ নৌকাবাইচের পক্ষে রয়েছেন।

আয়োজকদের একজন তাজউদ্দিন বলেন, প্রায় ১৫ বছর ধরে সোনাই নদে নৌকাবাইচের আয়োজন হয়ে আসছে। এবারও আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় কিছু মানুষ আপত্তি জানালেও পরে আলোচনার মাধ্যমে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়।

প্রতিযোগিতা দেখতে উপস্থিত হাজারো দর্শক বাইচের নৌকাগুলোকে উৎসাহ দেন। ছবি: সংগৃহীত
প্রতিযোগিতা দেখতে উপস্থিত হাজারো দর্শক বাইচের নৌকাগুলোকে উৎসাহ দেন। ছবি: সংগৃহীত

নৌকাবাইচ শুরুর আগেই সোনাই নদের দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শক। সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগী নৌকাগুলো ছুটে চলে নদে। মাঝিদের সমন্বিত বৈঠার ছন্দে উত্তাল হয়ে ওঠে নদ। শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ দুই পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় সোনাই নদে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুলিশ সদস্যদের টহল দিতেও দেখা যায়।

‘নৌকাবাইচ ধর্মবিরোধী নয়’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। নৌকাবাইচ ধর্মবিরোধী কোনো কাজ নয়। প্রতিবছর ঐক্যবদ্ধভাবে নৌকাবাইচ আয়োজন ও উপভোগ করা হবে।

তিনি আরও বলেন, শুকনা মৌসুমে এলাকার ভাঙা রাস্তাগুলোর কাজ করা হবে। নদীভাঙন ঠেকাতেও একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ বছরই সেটির কাজ শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বক্তারা গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইচ টিকিয়ে রাখা এবং ভবিষ্যতেও এ আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান।

অন্ধকারে ফাইনাল অমীমাংসিত

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, তিনটি নৌকা নিয়ে তিন ধাপে প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছিল। লটারির মাধ্যমে প্রথমে দুটি নৌকার মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। প্রথম রাউন্ডের বিজয়ী সরাসরি ফাইনালে যেত। এরপর দ্বিতীয় রাউন্ডে লটারিতে নির্বাচিত নৌকা ও প্রথম রাউন্ডে হেরে যাওয়া নৌকার মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ওই রাউন্ডের বিজয়ী ফাইনালে অংশ নিত।

নৌকাবাইচের শেষ পর্বে গোলাপগঞ্জের কালীজুরির ‘পাগলা নাও’ ও হাকালুকির ‘বাঘ নাও’ অংশ নেয়। তবে অন্ধকার নেমে আসায় ফাইনালের বাইচ আর অনুষ্ঠিত হয়নি।

বাইচের আয়োজক কমিটির সঙ্গে থাকা বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান বলেন, অন্ধকার নেমে আসায় ফাইনালের ফলাফল এখনো মীমাংসা হয়নি। পরবর্তী সময়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সুনামগঞ্জে জুয়া-মাদকে আসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ শিশুর

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর বাবা শরাফতকে উন

৪ ঘণ্টা আগে

রূপপুর থেকে দুমা নির্বাচনে ভোট দিলেন সাড়ে ৩ হাজারের বেশি রাশিয়ান

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে তাস জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার রুশ নাগরিকরা দিয়েছেন আগাম ভোট। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। ফলে কর্মস্থল না ছেড়েই প্রকল্পের রুশ কর্মীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছ

১৯ ঘণ্টা আগে

পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরে উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

১৯ ঘণ্টা আগে

জঙ্গি সন্দেহে তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জন আটক

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement