খাল পুনঃখননে ফিরেছে স্বস্তি, ভাগ্য বদলের স্বপ্নে তালতলীর কৃষকরা

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি
নিশানবাড়িয়া ইউনিয়নের ৯টি খালের ১৯ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯টি খালের ১৯ কিলোমিটার পুনঃখননের ফলে জলাবদ্ধতা ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কয়েক হাজার প্রান্তিক কৃষক। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের নলবুনিয়া, চিলু মাঝি, সুন্দরিয়া, তাতীপাড়া ও পাওয়াপাড়া-মোয়াপাড়াসহ ইউনিয়নের ৯টি খাল দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে ছিল। ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকটে স্থানীয় কৃষকরা বছরে মাত্র একটি ফসল উৎপাদন করতে পারতেন। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলি জমি ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তেন তারা। এ ছাড়া রাস্তার দুরবস্থায় কৃষিপণ্য আনা-নেওয়ায়ও ছিল কৃষকদের জন্য ভোগান্তির।

এ দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় নলবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে খালগুলো পুনঃখনন করা হয়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা। খাল পুনঃখননে ফসলি জমিতে পানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি নতুন রাস্তা নির্মাণ করায় কৃষিপণ্য পরিবহনও সহজ হয়েছে।

নলবুনিয়া এলাকার কৃষক জালাল মিয়া বলেন, ‘আগে খালগুলো ডোবা-নালার মতো ছিল। গ্রামের লোকজন ময়লা-আবর্জনা ফেলত। এতে দুর্গন্ধ ছড়াত, আশপাশ দিয়ে হাঁটাচলা করা যেত না। মশা-মাছি জন্ম নিত, ম্যালেরিয়া-ডেঙ্গুসহ নানা ধরনের রোগব্যাধি হতো। এখন খালগুলো খননের করায় এলাকার লোকজন অনেক উপকৃত হবে।’

তাতীপাড়া গ্রামের বাসিন্দা জুয়েল জোমাদ্দার জানান, আগে পানির অভাবে বছরে একবার ধান চাষ করা যেত। এখন একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। এতে বেকারত্ব কমবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, খাল পুনঃখননের ফলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এক ফসলি জমি দুই থেকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হবে।

তালতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শাখাওয়াত হোসেন জানান, প্রকল্প অনুযায়ী খালগুলো যথাযথভাবে পুনঃখনন করা হয়েছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের প্রকল্প অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস বলেন, আগে গ্রীষ্মে পানির অভাব ও বর্ষায় জলাবদ্ধতায় ফসল উৎপাদন ব্যাহত হতো। এখন সেচ সুবিধা ও পানি নিষ্কাশন নিশ্চিত হওয়ায় কৃষকরা একাধিক ফসল আবাদ করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement