কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পাঁচ দিনের মাথায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কারণ হিসেবে ডিএমপির আদেশে শুধু ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে দাউদ হোসেনকে প্রত্যাহারের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে গুলশান থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ঘটনাটির কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে কয়েক শ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। মিছিল চলার সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটকের কথাও জানিয়েছিল পুলিশ।
মিছিলের ঘটনায় ওই দিনই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির নম্বর ১৬। এতে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মামলাটিতে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে গুলশানের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক শ নেতাকর্মীর এমন জমায়েত নিয়ে ঘটনার পর প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মিছিলের বিষয়ে আগে থেকেই কোনো তথ্য ছিল কি না এবং থাকলে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
মিছিলের পাঁচ দিনের মাথায় আজ বুধবার প্রশাসনিক কারণ উল্লেখ করে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো। ডিএমপির আদেশে তার প্রত্যাহারের সঙ্গে ওই মিছিল বা মামলার কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

















