যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন— ছাত্রদল নেতাকে এসপি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩: ৪১
আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ও ছাত্রদল নেতা ফখরুল ইসলামের মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। একপর্যায়ে ছাত্রদল নেতাকে উদ্দেশ করে এসপি বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি। যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’

ঘটনাটি বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় ঘটে। এ ঘটনার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহত লাকসামের বাসিন্দা জিসানের বাবা অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কাছ থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। এ বক্তব্যের পর কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম পুলিশ সুপারের সমালোচনা করে বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর ‘ফ্যাসিস্টরা’ আবার সক্রিয় হয়েছে। তথ্য দেওয়ার পরও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জিসানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

জবাবে এসপি আনিসুজ্জামান বলেন, জিসান ঢাকায় নিহত হয়েছেন এবং এ ঘটনায় ঢাকাতেই মামলা হয়েছে। তথ্য-প্রমাণ ছাড়া অভিযোগ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি। যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে।’

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পুলিশ সুপার বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ হারানো আস্থা পুনরুদ্ধারে কাজ করছে, আর সেই সময় পুলিশকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়জীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, সেটি কেবল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে তিনি পেশাদারিত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করছেন।

এদিকে এসপি অভিযোগ করেন, ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলাকে কেন্দ্র করে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় পুলিশকে লক্ষ্য করে অভিযোগ তোলা হচ্ছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ সুপারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ থাকলে অনেক আগেই আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।’

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement