৬ মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত ৪ মার্চ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন সময় কারখানাটি চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা কারিগরি ত্রুটির কারণে উৎপাদন শুরু করতে সময় লেগেছে। সবশেষ ত্রুটি কাটিয়ে আজ মঙ্গলবার সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

সিইউএফএল সূত্র জানায়, গত মাসের শেষ দিকে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে প্রথমে ধাপে ধাপে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়। এরপর ইউরিয়া প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রপাতি সচল করার কাজ এগিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কয়েকটি যান্ত্রিক জটিলতা দেখা দিলে কারখানার প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে সেগুলো ঠিক করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিইউএফএলের উৎপাদন বিভাগের উপমহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘সকালে আমাদের উৎপাদন প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে আমরা গ্যাস পেলেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফিরতে পারিনি। এরপর একে একে সব যন্ত্রপাতি সচল করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় আসবে।’

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, দীর্ঘ প্রায় ছয় মাস পর তারা উৎপাদনে ফিরেছেন। এই সময় উৎপাদন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদনের মাধ্যমে তা অল্প সময়ের মধ্যে পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদী।

কর্ণফুলী নদীর তীরে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় কাফকোর পাশে সিইউএফএলের অবস্থান। দেশের গুরুত্বপূর্ণ এ সার কারখানাটিতে দীর্ঘদিন ধরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। গত আড়াই বছরে এসব কারণে অন্তত ছয় দফা কারখানাটি বন্ধ হয়েছে।

কারখানার তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সিইউএফএল মাত্র পাঁচ দিন উৎপাদনে ছিল। এরপর ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ওই বছরের অক্টোবরে আবার কারখানাটি চালু করা হয়।

এরপর ২০২৫ সালেও গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন সময়ে কারখানাটিকে বন্ধ ও চালু করতে হয়েছে। উৎপাদন শুরু হওয়ার কিছুদিন পরই নতুন করে সংকট দেখা দেওয়ায় ধারাবাহিকভাবে উৎপাদন চালানো সম্ভব হয়নি। এতে শুধু উৎপাদন লক্ষ্যমাত্রাই ব্যাহত হয়নি, রক্ষণাবেক্ষণ ও প্রতিবার কারখানা পুনরায় চালুর খরচও বেড়েছে।

সবশেষ গত ৪ মার্চ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর আজ মঙ্গলবার আবার সিইউএফএলে উৎপাদন শুরু হলো। অর্থাৎ প্রায় ছয় মাস পর কারখানাটি ফের সচল হয়েছে।

কারখানা সূত্রের তথ্য অনুযায়ী, সিইউএফএল পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হয় না। গ্যাসের চাপ কমে গেলেও কিংবা সরবরাহ বন্ধ হয়ে গেলেই কারখানার উৎপাদন থেমে যায়।

একসময় সিইউএফএলের দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা ছিল। তবে পুরোনো যন্ত্রপাতি, দীর্ঘদিন ব্যবহারে বিভিন্ন ইউনিটের সক্ষমতা কমে যাওয়া এবং গ্যাস সংকটসহ নানা কারণে বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টনে।

দেশের কৃষি খাতে ইউরিয়া সারের চাহিদা পূরণে রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর উৎপাদন গুরুত্বপূর্ণ। সিইউএফএলের মতো বড় একটি কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকলে সার আমদানি ও সরবরাহব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়।

এবার গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এবং বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা না দিলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করছেন সিইউএফএলের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিনের বন্ধ ও বারবার উৎপাদন ব্যাহত হওয়ার পর সিইউএফএলকে এবার কতটা স্থায়ীভাবে সচল রাখা যায়, সেটিই এখন সংশ্লিষ্টদের কাছে বড় বিষয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে

গ্রাহক ফোরামের সঙ্গে মারামারি, অবস্থান কর্মসূচিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।

১ দিন আগে
Advertisement