নারায়ণগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে সোনার দোকানে লুট, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে একটি সোনার দোকানে লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দোকান মালিক দেবাশীষ ঢালী সাংবাদিকদের বলেন, দুপুরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে ঢুকে পড়ে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করেন। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যান। এ ছাড়া দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপাও লুট করে নিয়ে যান।
এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মুখে কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি স্বর্ণের দোকানে ঢুকে পড়েন। এ সময় দোকানের মালামালের পাশাপাশি এক নারী ক্রেতার কাছ থেকেও গহনা লুট করতে দেখা যায়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারও করেছে। অপর আসামিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”













-1dad22-256x144.webp)

-a3736b-256x144.webp)
